রাস্তায় অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছিলেন। দুষ্টু লোকের খপ্পরে পড়ে নিজেকে সেখান থেকে বার করে আনার চেষ্টা করছিলেন আতঙ্কিত তরুণী। সামনে দিয়ে যাচ্ছিল অটো। কিছু না ভেবে এক মুহূর্ত নষ্ট না করে সেটি থামিয়ে তাতেই চড়ে বসলেন। তার পরেই অঝোরে কান্না।
কিন্তু, আসল ঘটনা ঘটল অটো চলতে শুরু করার পর। বলে রাখা ভাল, এক বর্ণ হিন্দি জানেন না বেঙ্গালুরুর সেই অটোচালক। তবে অটোয় বসা তরুণীকে ও ভাবে কাঁদতে দেখে কৌতূহল হয় তাঁর। উৎকণ্ঠিত হয়ে পড়েন তিনিও। এ দিকে বেঙ্গালুরুতে কর্মসূত্রে থাকা ওই তরুণী হিন্দিভাষী। কিন্তু, ভাষা তাঁদের মধ্যে বাধা হতে পারেনি। বরং অটোচালকের ব্যবহারে দুঃখ ভুলে চোখ মুছে তাঁকে ‘কিউটেস্ট আন্না’ বলে সম্বোধনও করলেন তিনি।
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই অভিজ্ঞতার কথা জানিয়ে আয়ুষী লেখেন, “যে শহর তোমার মন ভেঙে দিয়েছে, সেখানে তুমি ভালবাসাও ফিরে পেতে পারো।” তিনি ওই পোস্টে জানান, বেঙ্গালুরুতে এর আগে এমন অভিজ্ঞতা হয়নি তাঁর। ওই অটোচালক হিন্দিতে কথা বলতে না পারলেও তাঁকে শান্ত করার চেষ্টা করেছি্লেন নিজের মতো করে। শুধু তাই নয় তিনি ওই তরুণীকে বলেন, “ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে।” তিনি সকাল থেকে কিছু খেয়েছেন কি না তাও জিজ্ঞাসা করতে ভোলেননি অটোচালক চন্দন আন্না। আয়ুষী তাঁর পোস্টে চালককে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন:
সমাজমাধ্যম ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে আয়ুষীর সেই পোস্ট। তাঁকে এবং ওই চালককে ভালবাসায় ভরিয়েছেন অনেক নেটাগরিক। চালকের প্রশংসা করে অনেকে ওই তরুণীকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছেন। একে অপরের মুখের ভাষা বুঝতে না পারা এমন দুই অপরিচিতের মন ভাল করে দেওয়া কথোপকথনে মুগ্ধ হয়েছেন অনেকে।