অনলাইনে ট্রেনের টিকিট বুক করার জন্য সাধারণত ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটের উপরই ভরসা করতে হয়। ভ্রমণের বিবরণ দিয়ে কী কী ট্রেন রয়েছে তা দেখতে হয় এবং তার পর যাত্রীর তথ্য পূরণ করে ভাড়া দিতে হয়। কিন্তু, সেই পুরো কাজটি যদি করে কৃত্রিম বুদ্ধিমত্তা? নিজেরই একটি মন্তব্য থেকে সেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিষয়স্রষ্টা (কনটেন্ট ক্রিয়েটর) মন্থন জেঠওয়ানী। তিনি জানতে চেয়েছিলেন, সহজ এবং ন্যূনতম নির্দেশেই এআই ট্রেন খুঁজতে এবং বুকিংয়ের বেশিরভাগ ধাপ সম্পন্ন করতে পারে কি না।
পরীক্ষাটির একটি ভিডিয়ো করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই নেটপ্রভাবী। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তার পর থেকেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। মন্থন বলেছেন, “চ্যাটজিপিটি-৬ অ্যাস্ট্রা নিয়ে পোস্ট করা একটি রিলের মন্তব্যের সূত্র ধরেই এই ভাবনা মাথায় এসেছিল। যিনি মন্তব্য করেছিলেন তিনি জানতে চান, এআই-টি ভারতের সরকারি রেলওয়ে টিকেটিং প্ল্যাটফর্ম আইআরসিটিসি-র মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে পারবে কি না। তবে আমার সন্দেহ ছিল।”
আইআরসিটিসি একটি সরকার-পরিচালিত ওয়েবসাইট হওয়ায় প্রথমে সন্দিহান ছিলেন মন্থন। পরে তিনি নিজেই সেই বিষয়টি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি চ্যাটজিপিটি-৬ অ্যাস্ট্রায় একটি সাধারণ নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেন, “আমাকে ২০ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসি কামরায় দু’জনের জন্য মুম্বই থেকে রাজকোট যাওয়ার ট্রেনের টিকিট বুক করতে হবে। ব্রাউজ়ার ব্যবহার কর।” তিনি ভিডিয়োয় জানান, নির্দেশ পেয়ে এআই নিজে থেকেই বুকিং প্রক্রিয়াটি পরিচালনা করতে শুরু করে। নির্দেশমতো শুরু এবং গন্তব্য স্টেশন নির্বাচন করে, ভ্রমণের তারিখ এবং সময়ও সিলেক্ট করে। সেই অনুযায়ী কোন কোন ট্রেন রয়েছে তা খুঁজে বার করে। কী কী টিকিট রয়েছে তারও অপশন দেয়। বিষয়স্রষ্টার দাবি, এর পর এআই ট্রেন সিলেক্ট করে ওই নির্দিষ্ট সময়ের ওয়েটিং লিস্ট সম্বন্ধেও জানায়। তখন তিনি তার পরিবর্তে তাকে পরের দিনের জন্য টিকিট খোঁজার নির্দেশ দেন। তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটিতে আমার শুধু টাকা দেওয়াই বাকি ছিল।” বুকিংয়ের প্রক্রিয়ার সমস্ত ধাপগুলি এআই নিজেই সামলেছে বলেও ভিডিয়োয় দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
ভিডিয়োটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সমাজমাধ্যমে। একজন মন্তব্য করেছেন, “তৎকালে চেষ্টা করে দেখুন। তা হলেই আমি মানব যে এআই আমাদের সবাইকে প্রতিস্থাপন করবে।” বলে রাখা ভাল, আইআরসিটিসি-র তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় প্রায়শই কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। আরও এক সমাজমাধ্যম ব্যবহারকারী একটি ভিন্ন পরীক্ষার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “এআই-কে বায়োডেটা দিয়ে আসল চাকরির জন্য আবেদন করতে বলুন।”