বাড়তি আয়ের জন্য চাকরির পাশাপাশি একটি ছোট আয়ের পরিকল্পনা করেছিলেন এক ইঞ্জিনিয়ার। সেই পরিকল্পনাতেই প্রায় দু’লক্ষ টাকা বিনিয়োগও করেছিলেন তিনি। প্রথম দিনেই সেই পরিকল্পনা ভেস্তে গেল তাঁর। ভয়াবহ অভিজ্ঞতাও হল সেই কর্পোরেট চাকুরিজীবীর। সম্প্রতি এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁর সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পোস্টটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স-এ একটি পোস্টে গৌরব তোমর নামের এক তরুণ তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছেন। তাঁর সহকর্মী কর্পোরেট চাকরির পাশাপাশি কিছু বাড়তি আয়ের উপায় খুঁজছিলেন। অফিসেরই এক পিয়ন তাঁকে ই-রিকশায় বিনিয়োদ করার পরামর্শ দেন। পরিকল্পনামতো ই-রিকশায় ১.৭৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন ইঞ্জিনিয়ার তরুণ। উপার্জনের আশায় সেটি এক চালকের হাতে তুলে দেন। কিন্তু চালকের হাতে গাড়িটি তুলে দেওয়ার পর যা ঘটল তা স্বপ্নেও ভাবতে পারেননি তরুণ।
গৌরব পোস্টে লিখেছেন, “কর্পোরেট চাকরিতে ১২ বছর কাটানোর পর একজন ইঞ্জিনিয়ার কী ভাবে এতটা বোকা হতে পারে?” একটি ই-রিকশা কিনে কোনও চালকের হাতে তা তুলে দিয়ে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা ভাড়া পাওয়ার পরিকল্পনা করেছিলেন পোস্টদাতার সহকর্মী। সেই মতো প্রায় দু’লক্ষ টাকা দিয়ে ই-রিকশাটি কেনেন তিনি। দিনে ৬০০ টাকার চুক্তিতে এক চালকের হাতে তুলে দেওয়া হয় রিকশাটি। সেই চালকের সন্ধান দিয়েছিলেন অফিসের পিয়নই। বিহার থেকে আসা সেই চালক ই-রিকশাটি নিয়ে যাওয়ার পর দিনশেষে আর ফিরে আসেননি বলে পোস্টে জানিয়েছেন গৌরব।
গত ১৫ দিন ধরে তাঁর সন্ধান করার চেষ্টা করছেন গৌরবের সহকর্মী। রিকশা ও চালক দুই’ই উধাও। অদ্ভুত এই পোস্টটি এক্স ব্যবহারকারীদের নজর কেড়েছে। ঘটনার বিবরণ দেখে অনেকেই গাড়িটি তুলে দেওয়ার আগে চালকের পরিচয় জানার প্রয়োজন ছিল। কেউ কেউ পিয়নের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে মামলা করার পরামর্শও দেন। এক নেটাগরিক লিখেছেন, “পরিকল্পনাটা বোকামি নয়, কিন্তু এর প্রয়োগটা বোকামি।’’