চাকরির ক্ষেত্রে ছাঁটাইয়ের ভয়ে থেকেই যায়। বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে। অনেক সময়ই খুব সামান্য কারণে কাজ থেকে সরিয়ে দেয় সংস্থা। আবার অনেক সময় ঠিকমতো ব্যাখ্যাও দেয় না। সম্প্রতি এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এক তরুণ। তিনি জানিয়েছেন, চাকরি পাওয়ার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে তাঁকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন:
ঘটনাটি সুদূর আমেরিকার। পেশাদারদের সমাজমাধ্যম রেডিটের ‘বয়ডিনারডায়েরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ঘটনাটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেখানে পোস্টদাতা লিখেছেন, প্রায় ৯ মাস তিনি বেকার ছিলেন। এর পর একটি সংস্থা থেকে কাজের ডাক পান।
আরও পড়ুন:
ওই তরুণের কথায়, নির্দিষ্ট দিনে স্নান সেরে ধোপদুরস্ত পোশাক পরে কর্মক্ষেত্রে যান তিনি। সেখানে তাঁর ঊর্ধ্বতন তাঁকে অফিস ঘুরিয়ে দেখান। অফিসের নানা সুযোগ-সুবিধা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন বলে জানান তরুণ। পোস্ট থেকে জানা গিয়েছে, এর পর তাঁকে দুপুরের খাওয়া সেরে নিয়ে একটি মিটিংয়ে যেতে বলে হয়। কিছু কাজ শেষ করার পর তাঁকে অপেক্ষা করতে বলা হয়। সব সেরে তিনি যখন অফিস থেকে বেরোচ্ছেন তখন তাঁকে জানানো হয় যে, সংস্থা থেকে তাঁকে বরখাস্ত করা হচ্ছে। কারণ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যার কথা বলা হয় বলে দাবি তরুণের।
আরও পড়ুন:
পোস্টদাতা তরুণ জানিয়েছেন, ঘটনায় একেবারে হতবাক হয়ে যান তিনি। এমনকি তিনি তাঁর বন্ধুদের এ কথা জিজ্ঞাসাও করেন যে তিনি তাঁর শরীর থেকে কোনও দুর্গন্ধ আসছিল কি না, কেবল এক জন বলেন যে খুব কাছে দাঁড়ালে সামান্য ঘামের গন্ধ পাওয়া যাচ্ছিল। তরুণ এ-ও জানান যে, তিনি ধূমপান করেন না এবং ধূমপানমুক্ত বাড়িতে থাকেন। প্রতিদি ন দাঁত মাজেন। সম্প্রতি দন্ত্যচিকিৎসকের কাছে গিয়েছিলেন। তা সত্ত্বেও ওই সংস্থা ঠিক কোন ত্রুটি খুঁজে বার করেছিল, তা কোনও মতেই ভেবে পাননি তিনি।
পশ্চিমি দুনিয়ার এ ঘটনায় স্তম্ভিত নেটাগরিকেরাও। হাজার হাজার নেটাগরিক পোস্টটি দেখেছেন। অনেকে শেয়ারও করেছেন। অনেকেই কর্মক্ষেত্রে নানা রকম অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওই তরুণকে মনের জোর জোগানোর চেষ্টা করেছেন। এক জন লিখেছেন, “কোনও কারণে হয়তো ওই সংস্থার নতুন কোনও কর্মীর আর প্রয়োজন ছিল না, তাই এমন মনগড়া কারণ দেখিয়েছে।”