Advertisement
E-Paper

বাড়ির সকলের উপস্থিতিতে দু’ঘণ্টা ধরে লুটপাট, টের পেলেন না কেউ! ভাইরাল চোরের পালানোর ভিডিয়ো

বাড়িটি দুষ্মন্ত কুমার নামে এক ব্যক্তির। চোর লুট চালানোর সময় দুষ্মন্ত, তাঁর স্ত্রী এবং তিন সন্তান ভিতরের ঘরে ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে তাঁরা কেউ কিছু টের পেলেন না সেটা দুষ্মন্তের পরিবার বুঝে উঠতে পারছে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাত্রিবেলা বাড়িতে ঢুকল চোর। প্রায় দু’ঘণ্টা ধরে চালাল লুট। আলমারি খুলে তছনছ করে হাতাল টাকা, গয়না। তার পর পালিয়েও গেল। কিন্তু বাড়ির কেউই চোরের আসা-যাওয়া টের পেলেন না। সকলে অঘোরে ঘুমিয়ে চললেন। চোরের পালিয়ে যাওয়ার মুহূর্ত বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের তিনতলা এক বাড়িতে ঘটেছে। বাড়িটি দুষ্মন্ত কুমার নামে এক ব্যক্তির। চোর লুট চালানোর সময় দুষ্মন্ত, তাঁর স্ত্রী এবং তিন সন্তান ভিতরের ঘরে ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে তাঁরা কেউ কিছু টের পেলেন না সেটা দুষ্মন্তের পরিবার বুঝে উঠতে পারছে না। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভাঙলে তাঁদের মনে হয় বাড়িতে কিছু একটা হয়েছে। সেই সময় তাঁরা দেখেন মেঝের উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন জিনিস। তাঁরা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

জানা গিয়েছে, চোর দরজার জাল ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলে তিনতলা থেকে বাড়ির ভিতর প্রবেশ করেছে। এর পর সব ক’টি তলায় থাকা আলমারি এবং সিন্দুকে তল্লাশি চালিয়েছে। লক্ষাধিক টাকার সোনা এবং রুপোর গয়না এবং নগদ চুরি করে পালিয়ে গিয়েছে সে। মনে করা হচ্ছে, ঘরের ভিতর কোনও ঘুমপাড়ানি ওষুধ ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে বাড়ির কেউ তাঁর উপস্থিতির টের পাননি। যদিও এই সন্দেহের কোনও প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির পাঁচিলের উপর বসে রয়েছে চোর। লুটের পর পাঁচিল টপকে অত্যন্ত সর্ন্তপণে পাঁচিলের পালাচ্ছে সে। ভিডিয়োর অপর অংশে দেখা গেল ঘরের ভিতর মেঝের উপর ছড়িয়ে রয়েছে আলমারির জিনিস। আলমারিটিও তছনছ হয়ে পড়ে রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে কেউ এসে লুটপাট চালিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘টিএনআই_আওয়াজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। চোরের সাহস দেখে হতবাক নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই সমস্ত চোরদের কঠিন শান্তি দেওয়া উচিত।’’ অপর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ও করে না!’’

Viral Video Uttar Pradesh Ghaziabad Thief

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy