পাহাড়ে ঘুরতে গিয়ে সতর্কতা অবলম্বন করে চলা গুরুত্বপূর্ণ। অন্যথায় যখন-তখন বিপদ হয়ে যেতে পারে। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ে যে কোনও সময় ধস নামার আশঙ্কা থাকে। একই সঙ্গে পাহাড়ি নদীর জল বেড়ে যায়। সব মিলিয়ে ক্ষণিকের বেখেয়ালেই ঘটে যেতে পারে বড় বিপদ। তেমনটাই হল এক তরুণের সঙ্গে। পাহাড়ি নদীতে দাঁড়িয়ে উল্লাস করতে গিয়ে পড়ে গেলেন তিনি। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন পাহাড়ে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খরস্রোতা পাহাড়ি নদী। বেগের সঙ্গে বইছে জল। কিন্তু সে দিকে হুঁশ নেই কিছু পর্যটকের। স্রোতস্বিনীতে থাকা পাথরের চাঁইয়ে দাঁড়িয়েই নাচানাচি করছেন দুই তরুণ। এক তরুণ ছোট্ট নদীর দু’পারে থাকা পাথরের চাঁই দু’টিতে পা দিয়ে দাঁড়িয়ে উল্লাস করছেন। অপর এক তরুণ নদীর কোনায় থাকা পাথরের চাঁইয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঘটল বিপদ। নদীর কোনায় থাকা পাথরের চাঁইয়ে দাঁড়ানো তরুণ রক্ষা পেলেও, নদীর মাঝে দাঁড়ানো তরুণ ছাড় পেলেন না। প্রকৃতির ভয়ঙ্কর রূপ ধরা দিল তাঁকে। পায়ের তলা থেকে সরে গেল এক পাথরের চাঁই। নদীর জলে পড়ে গেলেন তরুণ। স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলেন। তাঁর পিছন পিছনই পাথরের চাঁইটিও গড়িয়ে যেতে লাগল। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেলেন তরুণ। কিছু দূর এগোনোর পর অপর একটি পাথরের চাঁইয়ে আটকে গেলেন তরুণ। তৎক্ষণাৎ তরুণ উঠে দাঁড়িয়ে হাত তুলে তিনি যে ঠিক আছেন সে বিষয়ে বন্ধুদের আশ্বস্ত করার চেষ্টা করলেন। মুখ থুবড়ে পড়েও গেলেন। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ত্রিগু’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে তিন হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণের ভাগ্যের প্রশংসা করেছেন নেটাগরিকেরা। অনেকে বলেছেন, ‘‘যমরাজ মনে হয় ছুটিতে ছিলেন।’’