কাজের সূত্রে অনেককেই বাড়ির থেকে বহু দূরে গিয়ে বসবাস করতে হয়। এর ফলে তীব্র মনোকষ্টে ভোগেন অনেকেই। কিন্তু কিছু করারও থাকে না। সম্প্রতি নিজের জীবনের এমনই ঘটনা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন এক তরুণ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর পরনে সাদা রঙের একটি টিশার্ট। মাথায় সাদা চাদর বাঁধা। সে সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি এক্সপ্রেস ট্রেন। তরুণকে বলতে শোনা যায়, ওই ট্রেনটির গন্তব্য দানাপুর। সেটায় চেপে বসলেই পৌঁছে যাওয়া যাবে তাঁর বাড়িতে। কিন্তু সে উপায় নেই তাঁর কাছে।
আরও পড়ুন:
তরুণ জানিয়েছেন, যখনই তিনি ট্রেনে চড়ার জন্য পা বাড়ান তখনই বাবা মায়ের মুখ, দায়িত্ব এবং ঋণ তাঁকে থামিয়ে দেয়। মন উচাটন হওয়া সত্ত্বেও সে ট্রেনের দিকে এগোনোর উপায় নেই তাঁর হাতে। তরুণের কথায়, বাড়ি যেতে হলে তাঁকে কঠোর পরিশ্রম করতে হবে। কেননা, যত বেশি পরিশ্রম করবেন, তত দ্রুত উন্নতি করবেন। তরুণ কী কাজ করেন এবং কর্মসূত্রে দেশের কোন প্রান্তে বাস করেন, সে সব কিছুই ভিডিয়োটি থেকে জানা যায়নি।
আরও পড়ুন:
‘ইমাম_এক্সক্যাভেটর_টেকনিক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ২ লক্ষ নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। তরুণের চোখে মুখে ফুটে ওঠা বেদনা দেখে বেদনাহত হয়েছেন অনেকেই। কেউ কেউ জানিয়েছেন যে তাঁরাও একই ভাবে বাড়ি থেকে বহু দূরে বাস করছেন। বাড়ির জন্য মনকেমন করে তাঁদেরও। তরুণের উন্নতি কামনা করে শুভেচ্ছাও জানিয়েছেন বহু সমাজমাধ্যম ব্যবাহারকারী।