বাড়ির কুলারের মধ্যে রহস্যজনক শব্দ। ঢাকনা খুলতেই চমকে গেলেন পরিবারের সদস্যেরা। ভয়ে ছিটকে গেলেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। কিন্তু কী ছিল কুলারের ভিতরে? জানা গিয়েছে, ওই কুলারের মধ্যে কুণ্ডলী পাকিয়ে বসে ছিল মস্ত এক গোখরো। রেগে ফোঁস ফোঁস আওয়াজ করছিল সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উদয়পুরের বালিচা গ্রামের একটি পরিবার তাদের কুলার ব্যবহার করতে গিয়ে এক অদ্ভুত এবং চমকপ্রদ পরিস্থিতির মুখোমুখি হয়। কুলারের ভেতরে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখা যায় প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরোকে। পরিবারের এক সদস্য কুলারে জল ভরার সময় এর ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখেন। ফোঁস ফোঁস আওয়াজও শুনতে পান। কৌতূহলবশত টর্চ দিয়ে ভেতরে আলো ফেলতেই স্তম্ভিত হয়ে যান তিনি। বাকিদেরও ডেকে দেখান। দেখা যায়, কুলারের ভিতরে বসে রয়েছে একটি বিষধর গোখরো। এর পরেই পরিবারটি অবিলম্বে ‘ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড নেচার রেসকিউ সোসাইটি’কে খবর দেয়। কিছু ক্ষণ পরেই বন্যপ্রাণী উদ্ধারকারী দলটি সেখানে পৌঁছোয়। জানা গিয়েছে, উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটির কোনও ক্ষতি না করেই সেটিকে কুলার থেকে বার করে আনে। প্রায় পাঁচ ফুট লম্বা গোখরোটিকে সফল ভাবে উদ্ধারের পর সেটিকে বনাঞ্চলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে বলেও খবর।
আরও পড়ুন:
অনলাইনে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্ধারকারী দলের এক সদস্য স্ক্রু-ড্রাইভার দিয়ে সাবধানে কুলারটি খুলছেন। ঢাকনাটি সরানোর সঙ্গে সঙ্গেই কুলারের ভেতরে সাপটিকে দেখা যায়। সেটিকে দেখে সেখানে উপস্থিত লোকজন চমকে ওঠেন। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ সাপের কামড়ে আহত হননি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জয়বর্ধন নিউজ়’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।