বাঘের নাম শুনলে বাঘা বাঘা শিকারিরাও পালিয়ে যায়। শক্তিশালী চোয়াল, তরোয়ালের মতো থাবা আর ধারালো দাঁতের মুখোমুখি হতে কে-ই বা চায়! বাঘের হিংস্রতার কারণে সে যখন শিকারে বেরোয়, তখন জঙ্গলের বাকি প্রাণীরাও ভয়ে কাঁপে। বাঘ কতটা শক্তিশালী তার নিদর্শন মিলেছে সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োয়। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একই সঙ্গে দু’টি বিশাল ষাঁড়ের শিকার করছে বাঘ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বনের মধ্যে একসঙ্গে দু’টি বিশাল ষাঁড়ের সঙ্গে লড়াই চালাচ্ছে একটি বাঘ। একটিকে মেরে ফেলেছে। দ্বিতীয়টির ভবলীলা সাঙ্গ হওয়ার পথে। প্রথম ষাঁড়টি মাটিতে লুটিয়ে পড়েছে এবং অন্যটির ঘাড় কামড়ে ধরে রেখেছে বাঘটি। যন্ত্রণায় ছটফট করছে সে। শিকার করতে করতে গর্জনও করছে বাঘ। সেই গর্জন যেন জানান দিচ্ছে যে, পুরো জঙ্গলে কেবল তারই রাজত্ব। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানের।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লাকি বান্ধবগড়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হচ্ছে বাঘটি তার এক মাসের খাবারের ব্যবস্থা করে ফেলেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাঘের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। সিংহ হয়তো জঙ্গলের রাজা, কিন্তু রাজত্ব আসলে বাঘেরই।’’