Advertisement
E-Paper

আহত চিতাবাঘকে উদ্ধার করতে এসে বিপাকে বনকর্তা, তাঁর উপরেই ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর প্রাণীটি, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, কর্নাটকের দাভানগেরে এলাকার একটি রাস্তায় গাড়ির ধাক্কায় আহত হয় একটি চিতাবাঘ। প্রাণীটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মীরা। সঙ্গে ছিলেন বন দফতরের কর্তারাও। শুরু হয় উদ্ধারকাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৩
Video shows Leopard attack on forest official during rescue operation in Karnataka

ছবি: এক্স থেকে নেওয়া।

কর্নাটকের রাস্তায় দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলাকালীন বনকর্তার উপর ঝাঁপিয়ে পড়ল উন্মত্ত চিতাবাঘ। আঁচড়ে-কামড়ে দেওয়ার চেষ্টাও করল ওই বনকর্তাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের দাভানগেরে এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, কর্নাটকের দাভানগেরে এলাকার একটি রাস্তায় গাড়ির ধাক্কায় আহত হয় একটি চিতাবাঘ। প্রাণীটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মীরা। সঙ্গে ছিলেন বন দফতরের কর্তারাও। শুরু হয় উদ্ধারকাজ। চিতাবাঘটিকে নিরাপদে সরিয়ে চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যে সেটিকে অচেতন করার জন্য চেতনানাশক প্রয়োগ করেন বনকর্মীরা। তবে চেতনানাশকটি পুরোপুরি কাজ করার আগেই চিতাবাঘটি হঠাৎ এক বনকর্তার উপর ঝাঁপিয়ে পড়ে।

ঘটনার একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি ওই বনকর্তার দিকে তেড়ে গিয়ে তাঁকে মাটিতে ফেলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাঁকে বাঁচাতে ছুটে আসছেন সহকর্মীরা। তাঁরা লাঠি দিয়ে চিতাবাঘটিকে অন্যমনস্ক করার চেষ্টা করেন। ফলে ওই বনকর্তা উঠে দাঁড়ানোর সুযোগ পান। এর পর চিতাবাঘটি সেখান থেকে সরে গিয়ে রাস্তার পাশে ঘাসযুক্ত এলাকার দিকে হামাগুড়ি দিয়ে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অবশেষে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনতে এবং হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হন। গাড়ির ধাক্কায় আহত হওয়া চিতাবাঘটির বর্তমানে চিকিৎসা চলছে বলে খবর।

বনকর্তার উপর চিতাবাঘের হামলার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ইমরান খান নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Karnata Leopard Leopard attack Forest department

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy