নারীদের জন্য দিল্লি কতটা নিরাপদ? পরীক্ষা করতে রাজধানীর বুকে রাতের বেলা মহিলা সেজে ঘুরলেন এক পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা)। ভিডিয়ো করে জানালেন অভিজ্ঞতার কথা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রামে ‘বিজেন্টল’ নামের ওই তরুণ বিষয়স্রষ্টা জানিয়েছেন, রাতের বেলা দিল্লিতে নারীদের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার জন্য ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মহিলার বেশে প্রায় দু’ঘণ্টা স্কুটি চালিয়ে ঘুরেছিলেন রাজধানীর রাস্তায় এবং সেই সামাজিক পরীক্ষার ফলাফল তাঁকে গভীর ভাবে নাড়িয়ে দিয়েছে। পুরো অভিজ্ঞতাটি একটি ভিডিয়োর মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।
আরও পড়ুন:
ভিডিয়োর শুরুতে তরুণকে মহিলার বেশে দেখা যায়। তিনি মহিলাদের পোশাক পরার পাশাপাশি মেকআপও করেছিলেন। নিজের পরিচয় গোপন রাখতে মাথা এবং মুখ ঢেকে রেখেছিলেন ওড়না দিয়ে। এর পর তিনি পরীক্ষাটি চালানোর জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন। তরুণের দাবি, তাঁর অভিজ্ঞতা ছিল অত্যন্ত অস্বস্তিকর। তিনি জানান, বাড়ি থেকে বার হওয়ার পর থেকেই পুরুষেরা তাঁকে বার বার একদৃষ্টিতে দেখতে শুরু করেন। এমনকি, স্কুটিতে জ্বালানি ভরার জন্য পেট্রোল পাম্পে থামলেও তিনি লক্ষ করেন যে আশেপাশের পুরুষদের দৃষ্টি তার ওপরই রয়েছে।
আরও পড়ুন:
রাস্তায় ঘোরার সময় তরুণ বিষয়স্রষ্টা এমন এক ঘটনার ভিডিয়ো ধারণ করেন যেখানে দু’জন পুরুষ প্রথমে তাঁকে একদৃষ্টিতে দেখেন এবং পরে তাঁর স্কুটির পিছু নিয়ে কাছে আসার চেষ্টা করেন। অন্য একটি ঘটনায়, শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন এবং কথা বলতে শুরু করেন। কয়েক জন অটোচালকের মুখোমুখি হওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তরুণের দাবি, স্কুটি চালানোর সময় দু’জন অটোচালক তাঁদের গাড়ি তাঁর সামনে নিয়ে আসেন। বিষয়স্রষ্টার অভিযোগ, ভিডিয়ো হচ্ছে বুঝতে পেরে এক চালক থেমে যান। কিন্তু অন্য জন বার বার তাঁর দিকে অটো চালিয়ে আসেন এবং পরে চলে যান।
আরও পড়ুন:
তরুণ জানিয়েছেন, পরিস্থিতি ক্রমশ অস্বস্তিকর হয়ে ওঠায় তিনি পরীক্ষাটি শেষ করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, ‘‘বিষয়টি খুব ভীতিজনক হয়ে উঠেছে। আমার মনে হয় আমাদের এটা বন্ধ করা উচিত।’’ এর পর তিনি নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘‘গত দু’ঘণ্টায় আমার অভিজ্ঞতা ছিল অত্যন্ত জঘন্য। সাইকেল, বাইক, অটো, গাড়ি— সবাই আমার পিছু নেওয়ার চেষ্টা করেছে। রাতে মেয়েদের একা বাইরে বার হওয়া নিরাপদ নয়। সত্যিই, মেয়েদের জীবন অত্যন্ত কঠিন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে। নেটাগরিকদের অনেকে দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাজার হাজার নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োটি দেখার পর। অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। জনসমক্ষে চলাফেরার সময় মহিলাদের অভিজ্ঞতার বিষয়ে নিজেদের মতামতও ভাগ করে নিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটাই হল কঠিন বাস্তব। মহিলাদের জীবন অনেক কঠিন।’’ আর এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘‘মহিলাদের প্রতি দিন এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়!’’