Advertisement
E-Paper

এক্সপ্রেসের মতো ছুটছে লোকাল ট্রেন, দাঁড়াচ্ছে না কোনও স্টেশনে! আতঙ্ক গ্রাস করল যাত্রীদের, ভাইরাল ভিডিয়ো

‘মুম্বই রেল প্রবাসী সংঘ’-এর পক্ষ থেকে এক্সে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লোকাল ট্রেন চলার সময় তার একটি কামরার বেশ কয়েক জন যাত্রী বিভ্রান্ত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এক শিশু-সহ প্রায় আট থেকে ১০ জন যাত্রী রয়েছেন ওই কামরায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪
Video shows Mumbai AC local train running without halting at any station

ছবি: এআই সহায়তায় তৈরি।

হু-হু করে একের পর এক স্টেশন পার করে যাচ্ছে লোকাল ট্রেন। থামছে না একটিতেও! আতঙ্ক ছড়াল মুম্বইয়ের পনবেল থেকে ছত্রপতী শিবাজী মহারাজ টার্মিনাস-গামী একটি শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘মুম্বই রেল প্রবাসী সংঘ’-এর পক্ষ থেকে এক্সে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লোকাল ট্রেন চলার সময় তার একটি কামরার বেশ কয়েক জন যাত্রী বিভ্রান্ত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এক শিশু-সহ প্রায় আট থেকে ১০ জন যাত্রী রয়েছেন ওই কামরায়। এক পর্যায়ে, দু’-তিন জন যাত্রী জরুরি ইন্টারকমের কাছে জড়ো হন। সম্ভবত তাঁরা মোটরম্যানের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইছিলেন কেন ট্রেনটি থামছে না। এই ঘটনায় কামরায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি, মুম্বইয়ের অন্যতম প্রাচীন যাত্রী সংগঠন হিসেবে পরিচিত ‘মুম্বই রেল প্রবাসী সংঘ’ রেল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তদন্ত এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে। পোস্টে লেখা ছিল, “পনবেল থেকে ছত্রপতী শিবাজী মহারাজ টার্মিনাসগামী ট্রেনটি কোনও স্টেশনেই থামছিল না। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’’ পোস্টে তারা মধ্য রেলের মুম্বই ডিভিশন, মধ্য রেলের জেনারেল ম্যানেজার, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্তৃপক্ষকে ট্যাগ করেছে।

পোস্টটিতে এ ধরনের পরিস্থিতিতে ট্রেন নিয়ন্ত্রণ করার কোনও ব্যবস্থা না-থাকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিয়েও। পোস্টটিতে বলা হয়েছে, ওই ট্রেনের যাত্রীদের কেউ যদি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হতেন, তবে এই ঘটনাটি বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারত। তবে ভিডিয়োটি ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানিয়েছে ‘রেলওয়েসেবা’। রেলযাত্রীদের সহায়তা প্রদানকারী সরকারি এক্স হ্যান্ডলটি পোস্টটির জবাবে জানিয়েছে যে, প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আনা হয়েছে।

অন্য দিকে এক সমাজমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন, ট্রেনটি কার শেডের (যেখানে ট্রেন রক্ষণাবেক্ষণ করা হয় বা রাখা হয়) দিকে যাচ্ছিল এবং যাত্রীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল। ওই ব্যবহারকারী আরও অভিযোগ করেন, ঘোষণা সত্ত্বেও যাত্রীরা লোকাল ট্রেনটিতে উঠেছিলেন। তবে এই দাবিগুলো নিরপেক্ষ ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Viral Video Mumbai Local Train Indian Railway

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy