Advertisement
E-Paper

শিকার করতে এসে বিপদে শিকারি! মাছের খোঁজে আসা সারসকে ধরল অজগর, চলল লড়াই, তার পর...

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় সারস শান্ত জলে স্থির হয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে একটি মাছের গতিবিধি লক্ষ করছে। সে ঘুণাক্ষরেও বোঝেনি, জলের গভীরে তার জন্য ওত পেতে আছে সাক্ষাৎ যম!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৬:৫৮
Video shows Python attacks a crane in waterland goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রকৃতির নিয়ম অত্যন্ত অদ্ভুত এবং অনিশ্চিত। এখানে মুহূর্তের মধ্যে শিকারে পরিণত হতে পারে খোদ শিকারি। আবার কখনও কখনও মৃত্যুর মুখ থেকে ফিরে আসাও সম্ভব হয়। বন্য জীবনের এমনই এক ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সারস পাখি যখন শান্ত জলে মাছ শিকারে মগ্ন ছিল, তখন হঠাৎই একটি বিশাল অজগর তার উপর ঝাঁপিয়ে পড়ে। অজগরটি সারসটিকে সামলে ওঠার কোনও সুযোগই দেয়নি। চোখের পলকে সে তার শক্তিশালী চোয়াল দিয়ে পাখিটির পা আঁকড়ে ধরে। এই ভয়াবহ আক্রমণের পর নিজের প্রাণ বাঁচাতে সারস যে জীবন-মরণ লড়াই চালিয়েছিল, সেই ভিডিয়োই এখন ইন্টারনেট জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনার ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় সারস শান্ত জলে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মনোযোগ দিয়ে তার শিকার, একটি মাছের গতিবিধি লক্ষ করছে। কিন্তু সারস ঘুণাক্ষরেও বোঝেনি যে, জলের গভীরে তার জন্য ওত পেতে আছে সাক্ষাৎ যম। সে যখন মাছ শিকারে ব্যস্ত ছিল, ঠিক তখনই নিঃশব্দে ধেয়ে আসে মৃত্যুদূত। ঝোপঝাড় এবং জলের নীচে ওত পেতে থাকা এক বিশাল অজগর প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে পড়ে সারসের উপর। বিন্দুমাত্র সময় নষ্ট না করে অজগরটি তার শক্তিশালী ও ধারালো চোয়াল দিয়ে সারসের লম্বা ও সরু পা-গুলো শক্ত করে জাপটে ধরে।

অজগরটি সারসের পায়ে কামড় বসাতেই পাখিটি বুঝতে পারে যে সে বড় বিপদে পড়েছে। অজগরটি ধীরে ধীরে তাকে জলের নীচে টেনে নেওয়ার এবং নিজের বিশাল শরীর দিয়ে পেঁচিয়ে ধরার চেষ্টা করছিল। কিন্তু সারস সহজে হার মানেনি। জীবন বাঁচাতে সে তার বিশাল ডানা ঝাপটাতে শুরু করে এবং সর্বশক্তি দিয়ে নিজেকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা চালায়। জলে পাখিটির সেই ধস্তাধস্তি আর অজগরের ভয়ঙ্কর ভাবে তাকে জাপটে ধরার দৃশ্য যে কারও গা শিউরে দেওয়ার মতো।

দুই প্রাণীর মধ্যে ভয়ঙ্কর লড়াইয়ের এক পর্যায়ে মনে হচ্ছিল, অজগরটি বুঝি সারসটিকে শেষ করে নিজের শিকারে পরিণত করবে। কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল অন্য। সারসটির পা ছিল অত্যন্ত সরু এবং মসৃণ। অজগরটি যখনই তার বাঁধন শক্ত করার চেষ্টা করছিল, সারসের সরু পায়ের কারণে সেই বাঁধন আলগা হয়ে যাচ্ছিল। সারসটি এই সুযোগ কাজে লাগায় এবং সর্বশক্তি দিয়ে শেষবারের মতো একটি ঝটকা দেয়। অজগরের মাথায় ঠোকরও দেয় সে। অজগরের বাঁধন আলগা হওয়ামাত্রই এক মুহূর্ত দেরি না করে সারসটি আকাশে উড়ে যায় এবং প্রাণ বাঁচায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভিডিয়োস’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যত ক্ষণ শ্বাস আছে, তত ক্ষণ আশা আছে। সারসটি প্রমাণ করেছে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনওই হাল ছাড়া উচিত নয়।’’

Viral Video Snake Viral Video Python Python Attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy