Advertisement
E-Paper

বিমানে চড়ার অপেক্ষায় তীর্থযাত্রীরা, হঠাৎ আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র! মুহূর্তে তছনছ রিয়াধ বিমানবন্দর, প্রকাশ্যে ভিডিয়ো

গত পাঁচ দিনে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চার বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে শনিবারের হামলাটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১০:২২
Video shows the moment missile hit Riyadh Airport

ছবি: এক্স থেকে নেওয়া।

সৌদি আরবের রিয়াধ বিমানবন্দরে শনিবার হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। ওই হামলায় নিহতদের মধ্যে এক ভারতীয় রয়েছেন। জখম হয়েছেন আরও ১০ ভারতীয় নাগরিক। সেই হামলার মুহূর্তের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম।

বিমানবন্দরের সিসি ক্যামেরায় ওই প্রাণঘাতী হামলার মুহূর্তটি ধরা পড়েছে। ভিডিয়োয় বিমানে ওঠার অপেক্ষায় থাকা তীর্থযাত্রীদেরও দেখা গিয়েছে। বিমানবন্দরের বিভিন্ন কোণ থেকে ধারণ করা সিসিটিভি ফুটেজের সঙ্কলনে দেখা যায়, যাত্রীরা যখন বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই উজ্জ্বল কমলা রঙের আলোর ঝলকানি দেখা দেয় এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন। ভিডিয়োয় বিস্ফোরণের কারণে বিমানবন্দরের ছাদের কিছু অংশ ভেঙে পড়তেও দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে সাংবাদিক আদিত্য রাজ কলের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকেরা।

এর ঠিক পরের দিনই রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আবারও হামলা চালায় হুথি। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণের অভিঘাতে এক জন নিহত ও ১১ জন আহত হন।

গত পাঁচ দিনে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চার বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে শনিবারের হামলাটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। এই হামলায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্রুজ় ক্ষেপণাস্ত্র হামলা আটকেওছে। পর পর হামলার কারণে রিয়াধ কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছেন।

অন্য দিকে হুথি গোষ্ঠী গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় দাম্মাম বিমানবন্দরে চালানো হামলা-সহ আরও কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। তারা সৌদি আরবের ট্রানজ়িট বা যোগাযোগ কেন্দ্রগুলিকে নিজেদের ‘বাহিনীর অভিযানের ক্ষেত্র’ হিসেবে অভিহিত করে সেগুলিতে হামলা চালানো অব্যাহত রাখার হুমকি দিয়েছে। পরিস্থিতির এই অবনতির মধ্যে বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি বিমানবন্দরগুলিতে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। এ ছাড়া সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে হুথিদের একাধিক সতর্কবার্তার পর ভারত-সহ কয়েকটি দেশের দূতাবাস তাঁদের নাগরিকদের এ সব বিমানবন্দর ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

বছরের পর বছর ধরে সৌদি আরব তাদের সামরিক খাতে বিপুল অর্থ বিনিয়োগ করা সত্ত্বেও হুথিদের হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না। এই হামলাগুলি ইয়েমেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই যুদ্ধে রিয়াধ দীর্ঘ দিন ধরে হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

Viral Video Houthis Saudi Arab Missile Attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy