ধাওয়া করায় গাড়িচালককে সাবধান করেছিলেন তরুণী বাইকআরোহী। কিছু দূর যাওয়ার পর তাঁর বাইকেই সজোরে এসে ধাক্কা মারলেন ওই গাড়ির চালক। বাইক-সহ রাস্তায় ছিটকে পড়লেন তরুণী। ধাক্কা মেরেই চম্পট দিলেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের ওই তরুণী বাইকারের নাম সিয়া। ‘রেবেলহুইলস_সিয়া_’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে তাঁর। বাইকযাত্রার ভিডিয়ো ওই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নিয়মিত শেয়ার করেন তিনি। সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সিয়া। প্রকাশ্যে এনেছেন ভিডিয়ো। সিয়ার দাবি, ঘটনাটি ঘটেছে রবিবার। তিনি গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে তাঁর ‘এপ্রিলিয়া আরএস ৪৫৭’ স্পোর্টস বাইকটি নিয়ে বাইকিং দলের সদস্যদের সঙ্গে বেরিয়েছিলেন। সিয়ার অভিযোগ, যাত্রা শুরুর সময় থেকেই একটি গাড়িতে থাকা কয়েক জন ব্যক্তি তাঁকে ধাওয়া করছিলেন।
আরও পড়ুন:
ঘটনার বিবরণ দিতে গিয়ে সিয়া জানান, গাড়িটি তাঁর কাছাকাছি চলে আসে এবং গাড়িতে থাকা যুবকেরা আক্রমণাত্মক আচরণ করতে শুরু করেন। তিনি তাঁদের কিছুটা দূরত্ব বজায় রাখতে বললেও, তাঁরা উল্টে তাঁকেই বাইক থামাতে বলেন। তরুণীর দাবি, ওই যুবকদের দেখে মনে হচ্ছিল তাঁরা মদ্যপ ছিলেন। সিয়া জানান, গাড়িটি যেন তাঁর মোটরবাইকের পথ আটকে দিতে না পারে, তাই তিনি ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। একই সময়ে তাঁর পিছনে থাকা এক বন্ধু তাঁকে আড়াল করার এবং গাড়িটিকে পুনরায় তাঁর পাশে চলে আসা থেকে বিরত রাখার চেষ্টা করছিলেন। তরুণী বাইকার জানিয়েছেন, এর পরেও গাড়িটি তাঁকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে চালক তাঁর মোটরবাইকের সামনে আড়াআড়ি ভাবে গাড়িটি নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় গাড়িটি তাঁর বাইকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষের অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন সিয়া তাঁর মোটরবাইকটি রাস্তায় বেশ কয়েক মিটার পর্যন্ত হিঁচড়ে চলে যায়। পুরো ঘটনাটি বাইকে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
সিয়া জানিয়েছেন, গাড়িটি তাঁকে ধাক্কা মেরে চম্পট দেওয়ার পর তাঁর এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করেন এবং চালককে থামানোর চেষ্টা করেন। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামলে তাঁর বন্ধু চালকের মুখোমুখি হন এবং তাঁকে জানান যে দুর্ঘটনার জন্য তিনিই দায়ী। তবে চালক দায় অস্বীকার করেন এবং সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যান। পুরো ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের কাছে ওই গাড়ির চালক-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের নামও পোস্টে উল্লেখ করেছেন তিনি। সিয়া ভিডিয়োয় বলেছেন, ‘‘আমার আর কিছু বলার নেই। তবে আজ গুরুগ্রামের রাস্তায় আমি নিজেকে নিরাপদ মনে করিনি। এ ধরনের মানুষ কাউকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে বিন্দুমাত্র ভয় পায় না।’’
আরও পড়ুন:
সিয়ার ভিডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই বহু নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বহু বার দেখা হয়েছে সেটি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের অনেকেই দিল্লি পুলিশ, গুরুগ্রাম পুলিশ, গুরুগ্রাম ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা পুলিশকে ট্যাগ করে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।