জিন্স-টপ পরেছিলেন তরুণী যাত্রী। তা নিয়েও জ্ঞান দিতে শুরু করলেন অটোচালক। রেগে আগুন হয়ে গেলেন ওই তরুণী। পোশাক নিয়ে মন্তব্য শুনে চড় মারার হুমকি দিলেন। শুনে ভয়ে চুপসে গেলেন চালক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
দাবি, জিন্স-টপ পরে এক তরুণী একটি অটোয় উঠেছিলেন। কিন্তু অটোয় ওঠার পর থেকে চালক ওই তরুণীর পোশাক নিয়ে তাঁকে জ্ঞান দিতে শুরু করেন। অটোচালকের মতে, তিনি ‘উত্তেজক পোশাক’ পরেছিলেন। এতে তরুণী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সরাসরি চালককে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। ভিডিয়োর এক পর্যায়ে চালককে তরুণী এ-ও বলেন, তাঁর পরিবার তাঁকে শিখিয়েছে যে কেউ যদি পোশাক নিয়ে মন্তব্য করে, তবে যেন তাঁকে চারটে চড় মারা হয়। এ কথা শুনে অটোচালক নির্লজ্জের মতো হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি শেয়ার করে তরুণী দাবি করেছেন, সমস্যাটা কখনওই পোশাকের নয়। আসল সমস্যা মানুষের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির। এ ধরনের নীতিপুলিশি নিয়েও সরব হয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সঞ্জু’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টদাতা ক্যাপশনে লিখেছেন, সমস্যা তরুণীর পোশাকে নয়, বরং চালকের খারাপ মানসিকতায়। পোশাক দিয়ে কোনও মেয়ের চরিত্র বিচার করা যায় না। মহিলাদের নিরাপত্তা কখনও সে কী পরছে, কোথায় বসছে বা কতটা সাবধানে হাঁটছে তার উপর নির্ভর করে হওয়া উচিত নয়। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। অটোচালকের মানসিকতার নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আগে অটোচালকের বিরুদ্ধে পদক্ষেপ করুন। তার পর কথা বলুন।’’