Advertisement
E-Paper

প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় শূন্যে উড়লেন প্রৌঢ় দম্পতি! পালালেন তরুণী চালক, ভাইরাল ভিডিয়ো

রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন প্রৌঢ় দম্পতি। এমন সময় তাঁদের পিছনে ধেয়ে এল একটি চারচাকা। ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে রাস্তার উপর ফেলে দিল দু’জনকেই। তার পর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়েও গেলেন তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১৪:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাঁধী জয়ন্তীর দিন সকালবেলা হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ় দম্পতি। ভাবতেও পারেননি বিপদ ঘনিয়ে আসবে তাঁদের দিকে। রাস্তার ধার দিয়েই হাঁটছিলেন তাঁরা। এমন সময় দম্পতির পিছনে ধেয়ে এল একটি চারচাকা। ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে রাস্তার উপর ফেলল তাঁদের। তরুণী চালক তার পর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়েও গেলেন। দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দিল্লির কীর্তি নগরে ঘটেছে। ২ অক্টোবর সকাল সাড়ে ৯টা নাগাদ প্রৌঢ় দম্পতি একসঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় একটি গাড়ি পিছন থেকে এসে তাঁদের ধাক্কা মারে। তাঁদের উভয়েরই বয়স ৭৯ বলে জানা গিয়েছে। প্রৌঢ় মাথায় চোট পেয়েছেন, চোট পেয়েছেন প্রৌঢ়াও। উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক তরুণী। দুর্ঘটনার পর তরুণী গাড়ি থেকে নেমে এসে প্রৌঢ় দম্পতিকে দেখেন। কিন্তু তাঁদের হাসপাতালে না নিয়ে গিয়ে এর পর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। সেই ফুটেজ দেখে দিল্লি পুলিশ তরুণীকে আটক করে এবং তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ফুটেজটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার দিয়ে হাঁটছেন প্রৌঢ় দম্পতি। ধীরেসুস্থেই হাঁটছিলেন তাঁরা। এমন সময় দম্পতির পিছনে ঝড়ের গতিতে এগিয়ে এল একটি সাদা রঙের চারচাকা। গাড়িটি উভয়কেই ধাক্কা মারল। প্রৌঢ়া ছিটকে রাস্তার ধারে পড়ে গেলেন। প্রৌঢ় শূন্যে উঠে বেশি কিছুটা দূরে পড়ে গেলেন। পথচারীরা তাঁদের কাছে দৌড়ে এলেন। গাড়ির চালকের আসন থেকে নেমে এলেন তরুণী। তিনি প্রৌঢ় ঠিক আছেন কি না দেখলেন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

‘ওয়াল্লাহাহাবেবে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণী কি দেখতে পান না?’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণীর একটু সতর্ক ভাবে গাড়ি চালানো উচিত ছিল।’’

Viral Video Delhi Road Accident Car Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy