চলন্ত বিমানে আপৎকালীন দরজা জোর করে খোলার চেষ্টা। ঝামেলাও পাকালেন এক তরুণ। রুখে দাঁড়ালেন বিমানকর্মী এবং সহযাত্রীরা। কেরলের কোচিগামী ‘বাটিক এয়ার’-এর বিমানে চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে তরুণ যাত্রীকে। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম জামশির আথানিক্কল। তিনি কেরলের পলক্কড় জেলার কুটান্নাড় এলাকার বাসিন্দা। বুধবার কুয়ালা লামপুর থেকে কোচিগামী বাটিক এয়ারের ফ্লাইট ওডি২৩১-এ ভ্রমণ করছিলেন তিনি। জানা গিয়েছে, কোচিগামী ওই বিমান মাঝ-আকাশে থাকা অবস্থাতেই সেটির আপৎকালীন দরজা জোর করে খুলে ফেলার চেষ্টা করেন জামশির। ওই দরজার কাছের জানলার প্যানেলের একাংশ ভেঙে ফেলেন তিনি। সহযাত্রীদের হুমকিও দেন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানে থাকা অন্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। জামশিরকে আটকাতে উদ্যত হন তাঁর সহযাত্রী এবং বিমানকর্মীরা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আক্রমণাত্মক হয়ে উঠেছেন তরুণ যাত্রী। জরুরি দরজা খোলার চেষ্টা করছেন তিনি। বিমানকর্মী (কেবিন ক্রু) এবং সহযাত্রীরা তাঁকে জরুরি দরজা খোলা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিমানটি কোচিতে অবতরণের পর জামশিরকে হেফাজতে নেয় সিআইএসএফ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন:
কোচিগামী ওই বিমানের ঘটনাটি পোস্ট করা হয়েছে ‘আওয়ারওয়ান্ডারিংলাইভস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাগল না কি! বিমানে চড়ার আগে সব যাত্রীর মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা দরকার।’’