Advertisement
E-Paper

নোংরা মেঝেতে তৈরি হচ্ছে খাবার, সেখানে গড়াগড়ি, হাঁটাহাঁটি অর্ধনগ্ন তরুণ কর্মীর! ভাইরাল গা ঘিনঘিনে ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সয়া চাপের মিশ্রণে গড়াগড়ি খাচ্ছেন এক তরুণ। তাঁর সারা গায়ে তো বটেই, পায়ের তলাতেও লাগছে সেই মিশ্রণ। ঘটনাটি উত্তরপ্রদেশের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০৯:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মুখরোচক খাবারের প্রতি ঝোঁক থাকে প্রায় সকলেরই। সে নামী দোকান হোক বা রাস্তার ধারের ঠেলা— ভাজাভুজি, কবাব এ সব দেখলে জিভে জল আসে না এমন মানুষ দুর্লভ। তবে, সে সব খাবার তৈরির সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না, সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন একটি খাবার তৈরির ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে ঘৃণায় নাক কুঁচকেছেন নেটাগরিকের। ঘটনাটি উত্তরপ্রদেশের।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, নোংরা মেঝেতে ছড়ানো রয়েছে সাদা রঙের একটি মিশ্রণ। আর তাতে গড়াগড়ি খাচ্ছেন এক তরুণ। তাঁর পরনে শুধুমাত্র একটি হাফ প্যান্ট। ঊর্ধাঙ্গ অনাবৃত। আশপাশে দু’টি বড় স্টোভে কিছু রান্না হতেও দেখা যায়। এক পর্যায়ে দেখা যায়, ওই তরুণের গায়ে একটি বড় পাইপ দিয়ে জল ছিটোনো হচ্ছে। তাঁর হাত ধরে টানতেও দেখা যায় অপর এক তরুণকে। সকলেই খালি পায়ে হাঁটাহাঁটি করছিলেন। ভিডিয়োর একেবারে শেষে ওই তরুণকে মেঝে থেকে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

ভিডিয়োটির ক্যাপশন থেকে দেখা গিয়েছে, ওই সাদা বস্তুটি সয়া চাপের মিশ্রণ। তা ওই তরুণের সারা গায়ে তো বটেই, এমনকি পায়ের তলাতেও মাখামাখি হচ্ছিল। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ২৭-এর একটি সয়া চাপ তৈরির কারখানায় কাণ্ডটি ঘটেছে। ‘দ্যলজিক্যালইন্ডিয়ান’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

প্রায় ৪৫ হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। বহু নেটাগরিক তাতে মন্তব্য করেছেন। যে জিনিস মানুষের খাবার পাতে পৌঁছোবে, তা নিয়ে অমন গা ঘিনঘিনে কাণ্ড ঘটানোয় ক্ষুব্ধ হয়েছেন নেটাগরিকেরা। ওই কর্মীদের ‘অসুস্থ মানসিকতার মানুষ’ বলে ধিক্কার জানিয়েছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী। এক জন লিখেছেন, “ভারতে খাদ্য নিরাপত্তা একটা তামাশা!”

খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থাকে মেনশন করে কেউ কেউ ওই কারখানায় তালা ঝোলানোর দাবিও করেছেন। তবে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।


Viral Story Instagram FSSAI Food Safety Noida Uttar Pradesh Workers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy