বাচ্চাদের স্বাস্থ্যের জন্য চিন্তা করে থাকেন কমবেশি সব মা-বাবাই। তাদের পুষ্টি বজায় রাখার জন্য বহু সময় ব্যয় করেন অনেকেই। যত্নে তৈরি করেন নানা রকম খাবারদাবার। তবে সম্প্রতি এমন খাবারের কথা জানিয়েছেন এক তরুণী, তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। খাবারটি তৈরি করার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে তরুণী জানিয়েছেন, তাঁর শিশুকন্যার জন্য তরমুজ এবং অস্থিমজ্জা দিয়ে কেক তৈরি করেছেন তিনি। সেই কেক তৈরির জন্য ময়দা বা চিনি কিছুই ব্যবহার করেননি। তিনি জানিয়েছেন, কেবলমাত্র বাচ্চার পেট ভরানোই তাঁর লক্ষ্য নয়। বেড়ে ওঠার সময় সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে চান তিনি। সে কারণেই এমন কেক তৈরি করেছেন বলে দাবি তরুণীর।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে কেকটি তৈরির পদ্ধতি। প্রথমেই দেখা যায়, মাংসের হাড়গুলি দু’ভাগ করে নিলেন এক তরুণ। এর পর মজ্জা বার করে নিয়ে ফেটাতে শুরু করলেন। ফেটাতে ফেটাতে একেবারে ক্রিমের মতো হয়ে গেল সেটি। পাশাপাশি একটি তরমুজেরও খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল। এর পর কেকের উপর যে ভাবে ক্রিম দিয়ে সাজানো হয়, ঠিক সে ভাবেই ফেটানো অস্থিমজ্জা দিয়ে সাজিয়ে নেন তরুণী। কেকটিতে একটি মোমবাতিও বসান। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যুগলের শিশুকন্যা ছোট্ট ছোট্ট দু’হাতে কেকটিকে ধরে রেখে কামড়ে খাচ্ছে তরমুজ-অস্থিমজ্জার কেক।
‘ব্রিজেটএমলেভিন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। কেকটির উপকরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কোনও কোনও নেটাগরিকের মতে, পশুর অস্থিমজ্জা খাওয়ার উপকারিতা প্রচুর। শিশুদের পুষ্টি জোগাতে পারে প্রোটিনে সমৃদ্ধ এই খাবার। কেউ আবার জানিয়েছেন এত ছোট বাচ্চার হজমে সমস্যা তৈরি করতে পারে এই কেক।