উত্তর ২৪ পরগনার অশোকনগরের ২০ নম্বর ওয়ার্ডের আশরাফাবাদ এলাকায় পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মৃত যুবকের নাম প্রীতম ঘোষ। স্থানীয়দের কাছে তিনি ‘দীপ’ নামেই পরিচিত ছিলেন। বয়স আনুমানিক ২১ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম একটি বোর্ডিং স্কুলে পড়তেন। কিন্তু মানসিক অবসাদে কারণে তাঁকে বাড়ি ফিরে আসতে হয়। প্রতিবেশীদের দাবি, বাবার সঙ্গেও তাঁর কথা কাটাকাটি লেগেই থাকত। একা একা রাস্তায় ঘুরে বেড়াতেন। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা তাঁর উপর নজর রাখতেন। পরিবারের দাবি, একবার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকে প্রীতমের কোনও খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিবারের সদস্যেরা। একটি পুকুরের কাছে তাঁর চটি ও গামছা পড়ে থাকতে দেখা যায়। কিন্তু রাতভর খোঁজ চালিয়েও প্রীতমের সন্ধান মেলেনি। সকালে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ফের খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। তখনই সেই পুকুরে প্রীতমের দেহ ভেসে উঠতে দেখা যায়।
প্রীতমের জেঠিমা খুকু মণ্ডল জানিয়েছেন, পরিবারের পরিস্থিতি নিয়ে এলাকায় বিভিন্ন রটনা ছড়ালেও বাবা-ছেলের মধ্যে সম্পর্ক খারাপ ছিল এই দাবি ঠিক নয়। তাঁর বক্তব্য, প্রীতমের বাবা প্রদীপ ঘোষই ছেলের দেখাশোনা করতেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রীতমের মৃত্যুর কারণ কী, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুন না আত্মহত্যা তা-ও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনায় তাঁর বাবা প্রদীপ ঘোষকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। ২১ বছরের যুবকের এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা আশরাফাবাদ এলাকায়।