রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা। এক দিকে বিজেপি, অন্য দিকে আইএসএফ এবং সিপিএম। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হল পুলিশকে।
স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের শুরু হয় শুক্রবার। আইএসএফ এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির কয়েক জনের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে তার প্রতিবাদে মিছিল শুরু করেছিল আইএসএফ এবং সিপিএম। জীবনতলা থেকে সেই মিছিল বার হতেই ফের হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রমণ, পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইট-পাটকেল ছোড়া থেকে হাতাহাতি, কিছুই বাদ যায়নি। শাসকদলের দাবি, তাদের কর্মীদের উপরেই প্রথম হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার তাগিদে প্রতিরোধ করেছেন কর্মীরা। সিপিএম এবং আইএসএফ জানিয়েছে, অশান্তি পাকাচ্ছে বিজেপি।
এই পরিস্থিতিতে গন্ডগোলস্থলে পৌঁছোয় পুলিশবাহিনী। বিবাদমান দুই গোষ্ঠীকে হটাতে লাঠিচার্জ করে তারা। বেশ কিছু ক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
তবে সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ এবং কারা প্রথম হামলা চালিয়েছিল, তার সঠিক জবাব মেলেনি। সূত্রের খবর, শাসক-বিরোধী দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।