সাইবার অপরাধ, অনলাইন নিরাপত্তা থেকে শুরু করে বাল্যবিবাহ—মহিলাদের নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতন করতে ভাঙড় থানার উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করল কলকাতা পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াড। সোমবার সন্ধ্যায় ভাঙড় মহাবিদ্যালয়ে ভাঙড় থানার উদ্যোগে আয়োজিত ওই সচেতনতামূলক কর্মসূচিতে এলাকার প্রায় ৯০-১০০ জন মহিলা অংশ নেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সিদ্ধার্থ চক্রবর্তী, ভাঙড় থানার ওসি গৌতম রুজ সহ অন্যান্যরা।
এদিন এই কর্মসূচিতে সাইবার থানার (লালবাজার) আধিকারিকেরা সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনলাইনে প্রতারণা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা নিয়ে মহিলাদের সচেতন করা হয়। পুলিশের বক্তব্য, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঘটনাও বাড়ছে। তাই এই ধরনের অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়া জরুরি।
অনুষ্ঠানে দুর্গা বাহিনীর সদস্যেরাও যোগ দেন। মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নে তাঁদের দল কী ভাবে কাজ করে, সে বিষয়ে তাঁরা বক্তব্য রাখেন। পাশাপাশি বাল্যবিবাহের আইনি দিক এবং এর সঙ্গে জড়িত শাস্তির বিধান নিয়েও আলোচনা করা হয়। বাল্যবিবাহ বন্ধে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।এ দিন উপস্থিত মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন পুলিশ আধিকারিকেরা। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মহিলারা প্রশ্ন করেন এবং তাঁদের সংশয়ের উত্তর দেন আধিকারিকেরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।