ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার উত্তর ২৪ পরগনার এক বিজেপি নেতা। স্থানীয় এক বধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়তে এলাকাবাসীরাই ওই বিজেপি নেতাকে ধরে ফেলেন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধৃত শ্যামল সাহা বিজেপির দেগঙ্গা-১ মণ্ডলের সম্পাদক বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নাকি দত্তপুকুর থানার কদম্বগাছির হেমন্ত বসু নগরের এক বধূকে উত্ত্যক্ত করছিলেন। নির্যাতিতার দাবি, সোমবার গভীর রাতে শ্যামল বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। মহিলার চিৎকারে পরিবারের অন্য সদস্যেরা ছুটে আসেন। পরে স্থানীয়েরা আসেন। ধরে ফেলেন অভিযুক্তকে।
আরও পড়ুন:
অভিযোগ, শ্যামলকে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শ্যামলকে পাকড়াও করে রাখার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘‘অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এখন আইনের সরকার। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।’’