প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের গাড়িতে তল্লাশি করে মিলেছিল একটি আগ্নেয়াস্ত্র। এ বার তাঁর বাড়ির বাগান থেকেও মিলল আরও একটি আগ্নেয়াস্ত্র। সঙ্গে গুলিও! এই ঘটনায় বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়কের গাড়িচালককেও গ্রেফতার করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ সূত্রে খবর, প্রাক্তন বিধায়কের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের কথা জানা গিয়েছিল সোমবারই। রাতে বিশ্বজিতের বাড়িতে গিয়েছিল পুলিশের একটি দল। তাঁর বাড়ির পিছনে একটি বাগান রয়েছে। সেখানে ‘দেশি’ আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। ঘটনাক্রমে তৃণমূলের উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিতের গ্রেফতারির পর তাঁর গাড়িচালক কেরামত মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়িচালক কেরামত তাঁর গাড়ি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। চটজলদি বিধায়কের বাড়ির তালা খুলে ভিতরে ঢোকেন। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়েও আসেন। সেই দেখে সন্দেহ হয়েছিল তাদের।
তদন্তকারীদের এ-ও অভিযোগ, বিশ্বজিতের গাড়ির
ড্যাশবোর্ডে রাখা ছিল ওই আগ্নেয়াস্ত্র এবং গুলি। গাড়িচালক সেটা নিয়ে গিয়ে বাগানে
ফেলে দেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সেটা স্বীকারও করেছেন। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার
অভিযোগে প্রাক্তন বিধায়ক এবং তাঁর গাড়িচালক, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই
সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো
হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কী কাজে ব্যবহার
করার জন্য আনা হয়েছিল, খুঁটিনাটি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বিশ্বজিৎ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক। তৃণমূল ছেড়ে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন। ভোটের ফলঘোষণার পরে ঋতব্রত শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন।