গত কয়েক দিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বন্দিরা। দিন গিয়েছে, সংখ্যা বাড়ছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট উপসংশোধনাগারে এখন ১৭-১৮ জন বন্দি অসুস্থ। ঘটনাস্থলে গিয়েছে মেডিক্যাল টিম। স্বাস্থ্য দফতরের অনুমান, ডায়ারিয়ার প্রকোপ দেখা গিয়েছে জেলে।
সম্প্রতি রাজ্য জুড়ে ‘খাদ্যসুরক্ষা সপ্তাহ’ চলেছে। রেস্তরাঁ থেকে খাবারের দোকানে অভিযানে কেজি কেজি পচা মাংস, বাসি খাবার উদ্ধার হয়েছে। অস্বাস্থ্যকর রান্নাঘর দেখতে পেয়ে দোকানই বন্ধ করে দেওয়া হয়েছে কোথাও কোথাও। ঠিক সেই সময় বসিরহাট উপসংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। যদিও কর্তৃপক্ষ অভিযোগ মানেননি। তাঁরা ডায়ারিয়ার কথা মেনে নিলেও খাবার থেকে পেটের অসুখ যে হয়েছে, তা মানতে নারাজ।
বন্দিদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে ব়সিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য, একাধিক চিকিৎসকদের নিয়ে গিয়েছিলেন জেলবন্দিদের স্বাস্থ্যপরীক্ষা করতে। তিনি জানান, আপাতত হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি হয়নি। অনুপমের কথায়, ‘‘১৭-১৮ জনের মতো অসুস্থ হয়েছিল। ডাক্তারেরা চিকিৎসা করেছেন। ওষুধ দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করানোর মতো অবস্থা নয়, এখন ঠিক আছে।’’ তাঁর সংযোজন, ‘‘ডায়ারিয়া যেমন হয়, তেমন হয়েছিল। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।’’