রাজ্যে সরকার বদলের পরে বাঁকুড়ার বিধায়কের কার্যালয় স্থানান্তরিত হয়েছে অন্যত্র। গত চার মাস পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল বিধায়কের পুরোনো অফিস। শনিবার দুপুরে বাঁকুড়ার ভৈরবস্থানের সেই কার্যালয় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাস্থল পরিদর্শনে গেলেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি জানালেন, অতিবর্ষণ এবং ইঁদুরের দৌরাত্মের কারণে এই অঘটন।
আগে ভৈরবস্থানে নীলাদ্রির রেডিমেড পোশাকের একটি দোকান ছিল। তিনি বাঁকুড়া পুরসভার কাউন্সিলার হওয়ার পর দোকানটিকে কাউন্সিলর কার্যালয় করে ফেলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ের পর সেই দোকানই বিধায়ক কার্যালয় হিসাবে ব্যবহার করছিলেন। তখন কার্যালয়টি সংস্কারও করান নীলাদ্রি। ট
কিন্তু জমি বিতর্কে সেই কাজ মাঝপথে থমকে গিয়েছিল। ২০২৬ সালে বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর অন্য একটি বাড়িতে বিধায়ক কার্যালয় করেন নীলাদ্রি। তার পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ভৈরবস্থানে তাঁর আদি কার্যালয়। দুপুরে হুড়মুড়িয়ে পুরনো অফিস ভেঙে পড়ার খবর বিধায়ক সেখানে ছুটে গিয়েছিলেন।
আরও পড়ুন:
নীলাদ্রি ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, ‘‘গত ৪৫ বছর ধরে এটাই আমার কর্মস্থল। এই দোকানটি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও সাক্ষী। কাউন্সিলার বা বিধায়ক থাকাকালীনও ওই দোকানই কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে এসেছি। কিন্তু বিভিন্ন কারণে আমি দোকানটি সংস্কার করতে পারিনি। সম্প্রতি বিধায়ক কার্যালয় অন্যত্র করেছি। দোকান তালাবন্ধ অবস্থায় পড়েছিল। অতি বর্ষণ আর বড় বড় ধেড়ে ইঁদুরের উৎপাতে বাড়িটির ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। আজ বাড়িটি ধসেই পড়ল। তালাবন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।’’