হাসনাবাদ-শিয়ালদহ শাখার মালতীপুর স্টেশন সংলগ্ন রেলসেতুর নীচে দীর্ঘদিনের অবৈধ দখলদারির বিরুদ্ধে বুধবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। বুলডোজ়ার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় বেআইনি দোকানঘর, টিনের ছাউনি, অস্থায়ী কাঠামো-সহ বিভিন্ন নির্মাণ। একই সঙ্গে দখলমুক্ত করা হয় সেতুর নীচের রাস্তার অংশ।
প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সেতুর নীচে ও সংলগ্ন এলাকায় অবৈধ দখল বাড়তে থাকায় রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছিল। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চলাচলে প্রতিদিনই সমস্যার সৃষ্টি হচ্ছিল। জরুরি পরিস্থিতিতে দমকল বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতেও বাধার আশঙ্কা তৈরি হচ্ছিল। একাধিক বার নোটিস দেওয়া হলেও দখলদারেরা জায়গা খালি না করায় শেষ পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার দুপুরে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। রেল কর্তৃপক্ষ, ভূমি ও ভূমিসংস্কার দফতর এবং প্রশাসনের আধিকারিকেরাও সেখানে ছিলেন। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে বুলডোজ়ার নামানো হয়। রাস্তার উপর জমে থাকা বিভিন্ন সামগ্রীও সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, জনস্বার্থে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
পুনর্বাসনের প্রশ্ন তুলেছে সিপিএম। দলের বিশ্বজিৎ বসুর বক্তব্য, ‘‘উন্নয়নের পক্ষে আমরা। কোনও ভাবেই যেন গরিব মানুষের সমস্যা না হয়।’’ বিজেপি নেতা কৌশিক সিদ্ধার্থের দাবি, ‘‘কিছু লোক জবরদখল করে রাস্তা সঙ্কুচিত করে ফেলেছিল। সরকার সব সময়ে সাধারণ মানুষের পাশেই রয়েছে।’’