উত্তর ২৪ পরগনার পানহাটিতে সিইএসসি ভবনে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে ওই ভবনটি। আগুনের তীব্রতা খুবই। দ্রুত তা ছড়াতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, ওই আগুনের গ্রাসে পড়েছে আশপাশের কয়েকটি ঝুপড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বুলডোজ়ার দিয়ে ওই ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় সিইএসসি-র ওই ভবনে আগুন লাগে। রবিবার দুপুরে অগ্নিকাণ্ডটি ঘটে। আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্য অংশেও। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা অনেকটাই। তা নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি ইঞ্জিন লাগতে পারে। প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হবে।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকলকর্মীরা। —নিজস্ব চিত্র।
আগুন নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকলকর্মীরা প্রথমে বাইরে থেকে আগুন নেবানোর কাজ শুরু করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকলকর্মীরা। রাস্তার ধারে অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে খড়দহ থানার পুলিশ।
আরও পড়ুন:
কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, সিইএসসি ভবনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে দমকল আধিকারিকদের কথায়, ‘‘প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনাই আমাদের লক্ষ্য। পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।’’ আগুন লাগার ফলে ওই ভবনের সামনে দাঁড়ানো এক অটোও পুড়ে গিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে বাইরে থেকে জল দিচ্ছেন দমকলকর্মীরা। —নিজস্ব চিত্র।
ঘটনাস্থলে পৌঁছেছে বিজেপির উত্তর কলকাতা শহরতলির সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। তিনি বলেন, ‘‘আরও দমকলের ইঞ্জিন আসছে। কয়েকটা ঝুপড়ি পুড়ে গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।’’ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।