নিউ টাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার বস্তিতে অগ্নিকাণ্ড!
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে আগুন লাগে বস্তিটিতে। ইতিমধ্যে একাধিক বাড়িঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার যাবতীয় চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রাণহানির কোনও খবর মেলেনি।
দমকল এবং স্থানীয়দের অনুমান, রান্নার গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ড হয়েছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও।
আরও পড়ুন:
বস্তি এলাকার একাধিক বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কী ভাবে আগুন লাগল, কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিধায়ক পীযূষের অভিযোগ, নিউটাউনের মাঠপাড়া এলাকায় এভাবে বস্তি গড়ে ওঠা নিয়ে তিনি আগেই পুলিশকে সতর্ক করেছিলেন। তাঁর দাবি, ‘‘বহুতল আবাসনের পাশে জঞ্জাল জমিয়ে অপরিকল্পিত ভাবে ঘর তৈরি হওয়ায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা থাকছে।’’
বিধায়ক জানিয়েছেন, শুক্রবার অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি বাড়ি পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের পরিচয় যাচাই করতে নির্দেশ দেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।