শ্রীভূমির পজো এ বার আর সুজিত বসুর নয়, বরং পরিচিত হবে ‘অধিবাসীবৃন্দের পুজো’ হিসেবে। এমনটাই জানালেন পুজোর উদ্যোক্তারা। রথযাত্রার দিন, বৃহস্পতিবার খুঁটি পুজো করে উদ্যোক্তারা জানিয়ে দিলেন, ৫৪তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’।
রথযাত্রার দিন খুঁটিপুজো করে শ্রীভূমিতে ৫৪তম বর্ষের পুজোর আনুষ্ঠানিক সূচনা হল। অন্য বছরেরমতো তারকাদের ভিড় না থাকলেও, স্থানীয় বাসিন্দাদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা বার বার বার্তা দিতে চাইলেন, লেকটাউনের এই পুজো আর ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং শ্রীভূমির বাসিন্দাদের সর্বজনীন দুর্গোৎসব। উদ্যোক্তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পাড়ার সকলকে সঙ্গে নিয়েই হবে মায়ের আরাধনা।
শ্রীভূমির ৫৪তম বর্ষের খুঁটি পুজো। —নিজস্ব চিত্র।
তবে পুজোর ঐতিহ্য এবং জৌলুস বজায় থাকবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই শিল্পীরা রাজস্থানে গিয়ে হাওয়া মহলের নকশা ও স্থাপত্য পর্যবেক্ষণ করেছেন, যাতে মণ্ডপে তার নিখুঁত প্রতিরূপ তুলে ধরা যায়। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করে এক টুকরো রাজস্থানের স্বাদ পাবেন। দীর্ঘ সময় নয়, বরং চার দিন ধরে মূলত চলবে উৎসব। পাড়ার বাসিন্দাদের জন্য সকালের জলখাবার থেকে দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থাও থাকবে। তবে সাধারণ মানুষের যাতে দু্র্ভোগ না হয়, তা-ও দেখা হবে।
দীর্ঘ দিন ধরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম। পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর অভিযোগে তিনি এখন জেলে। এ বারের আয়োজকদের দাবি, এ বার এই পুজো শুধুই এলাকার মানুষের। তাঁদের বিশ্বাস, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে শ্রীভূমির দুর্গাপুজো এ বারও রাজ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।