দুবাইয়ে গিয়ে ঘাঁটি গেড়ে থাকা বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল দু’সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে সুরক্ষা কবচ পেলে দেশে ফিরবেন বলে সুপ্রিম কোর্টে জানালেন। টুলুর হয়ে তাঁর আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে এ কথা জানানোর পরে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে। বুধবার রাজ্য সরকার নিজেদের অবস্থান জানাবে।
পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজ্য পুলিশ রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে। তাদের অভিযোগ, ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) চক্রে যোগ রয়েছে ওই অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিকের। তৃণমূল জমানায় এই পাথর ব্যবসায়ী বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। পরে টুলুর ১৪৪ কোটি টাকা সম্পত্তির হদিশ মেলে। তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছে। রোহতগি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, টুলু প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দশ বছরের ভিসা নিয়ে মে মাসেই ছেলেকে ভর্তি, ছুটি কাটাতে দুবাইয়ে গিয়েছেন। এখানে সব সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে দুবাইয়ে পাঠিয়ে সেখানে কোম্পানিখুলেছেন। কোনও বেআইনিকাজ করেননি। দু’সপ্তাহের রক্ষাকবচ পেলে তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার পরে আরও দু’তিন সপ্তাহের রক্ষাকবচ পেলেই হবে। রোহতগি বলেন, টুলুকে সন্ত্রাসবাদীর মতো খোঁজা হচ্ছে। তিনি দেশের সবথেকে বড় অপরাধী নন। বিচারপতি দত্ত বলেন, তা হলে কি উনি এক জন সাধারণ অপরাধী।