Advertisement
E-Paper

বাইক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই পর পর গুলি! আসানসোলে দুষ্কৃতীদের হামলায় জখম যুবক

আহত যুবকের নাম হরিদাস লায়েক। আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলের নৈশপ্রহরীর কাজ করেন তিনি। শনিবার রাতে কাজে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার কবলে পড়েন হরিদাস।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০
A man shot in Asansol while trying to thwart a snatching attempt

গুলিবিদ্ধ যুবক হরিদাস লায়েক। ছবি: সংগৃহীত।

ছিনতাই করতে রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক আটকায় দুষ্কৃতীরা। তবে আরোহী বাধা দেন ছিনতাইবাজদের। হাতাহাতি চলে কিছু সময়। শেষমেশ ওই আরোহীর সঙ্গে পেরে না ওঠায় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত আসানসোলের এক স্কুলের নৈশপ্রহরী।

স্থানীয় সূত্রে খবর, আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলের নৈশপ্রহরীর কাজ করেন হরিদায় লায়েক। তাঁর বাড়ি আসানসোলের সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ি গ্রামে। প্রতি দিন রাতে বাইকে করে কর্মস্থলে যান। শনিবার রাতে সেই মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় তাঁর বাইক আটকায় কয়েক জন দুষ্কৃতী। তাদের সকলের মুখই মুখোশে ঢাকা ছিল।

বাইক থামিয়ে অস্ত্র দেখিয়ে হরিদাসের থেকে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে তাদের বাধা দিতেই পর পর দু’রাউন্ড গুলি চালায় তারা। হরিদাসের পায়ে গুলি লাগে। সেই অবস্থাতেও দুষ্কৃতীদের সঙ্গে লড়ে যান ওই যুবক। শেষপর্যন্ত হরিদাসকে রাস্তার মাঝে ফেলেই পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সালানপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের একটি খালি খোল উদ্ধার করে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি শুরু করেছে পুলিশ। নাকা-চেকিং চলছে এলাকায়। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসি টিভি ফুটেজ। ঘটনাস্থলে যান আসানসোল পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার, ডিসি (পশ্চিম) সানা আখতার, ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। রাতে নির্জন রাস্তায় ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Asansol shot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy