এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগে পূর্ব বর্ধমানে গ্রেফতার এক যুবক। রবিবার মেমারি থানার কুচুট রাজবাড়ি মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।
সূত্রের খবর, স্বামীর সঙ্গে মনোমালিন্যের পরে মেমারিতে এক দিদির বাড়িতে এসে থাকছিলেন নির্যাতিতা প্রৌঢ়া। প্রতিদিনের মত শনিবার তিনি ভিক্ষা করতে বেরিয়েছিলেন। ওই দিন দুপুর ১২টা নাগাদ এলাকার একটি পুকুরের কাছে বিবস্ত্র অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন সেখানকার এক স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে এলাকার অন্য বাসিন্দাদের খবর দিলে তাঁরা প্রৌঢ়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে আক্রান্ত পৌঢ়ার শারীরিক পরীক্ষা করানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
পরিবারের তরফ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে মেমারি থানায়। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রবিবার অভিযুক্ত যুবককে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হলে ভারপ্রাপ্ত বিচারপতি তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।