পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খুলে ফেলল সি জোসেফ বিজয় তলপতির দল টিভিকে।
রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে-র কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ওই দলের পশ্চিমবঙ্গের রাজ্যের আহ্বায়ক চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার নেতারা। তাঁরা জানিয়েছেন, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছোনোই দলের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে।
টিভিকে-র পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি বলেন, ‘‘তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে যে সব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
রবিবার টিভিকে-র দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান।— নিজস্ব চিত্র।
ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিভিকে-র সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বলে দাবি চৈতালিদের। আগামিদিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং সামাজিক কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
গত লোকসভা ভোটের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে পা দেন তামিল সুপারস্টার বিজয়। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’-খ্যাত বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।