নানা অনুষ্ঠানের মাধ্যমে রাখিবন্ধন উৎসব পালিত হল পশ্চিম বর্ধমানে। আসানসোলের মহীশিলা কলোনিতে ৮৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্যোগে দিনটি পালিত হয়। শুক্রবার, পথচলতি মানুষ ও ক্ষুদিরাম সরণির বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের হাতে রাখি পরান বিজেপি কর্মী ও সমর্থকেরা। কুলটি বিধানসভার থানা মোড় সংলগ্ন বিজেপি কার্যালয়ে রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অজয়কুমার পোদ্দার।
সালানপুর ব্লক ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে ডাবর মোড়ে রাখিবন্ধন উৎসব পালিত হল। ডাবর মোড় বাস স্ট্যান্ড প্রাঙ্গণে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীদের হাতে রাখি পরানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিডিও (সালানপুর) দেবাঞ্জন বিশ্বাস। উপস্থিত ছিলেন এলাকার অন্য ব্যক্তিরাও। প্রশাসনের তরফে জানানো হয়, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দেওয়াই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
জামুড়িয়ার চিচুড়িয়া মোড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে উদ্যোগে রাখি উৎসব পালন করা হয়। স্কুল প্রাঙ্গণে এসে অদূরে রাজ্য সরকারের কর্মক্ষেত্র ভবনে থাকা ৪০ জন জওয়ান রাখি পরলেন। ২১১ নম্বর ব্যাটালিয়ানের ৪০ জন জওয়ানকে রাখি পরালেন পড়ুয়া এবং শিক্ষিকারা। এক জওয়ান জানান, কর্মগত কারণে তাঁদের প্রায় সময় বাড়ির বাইরে থাকতে হয়। যে ভাবে শিশুরা ভালবাসা দিয়ে এ দিন রাখি পরিয়েছে, তাতে বাড়িতে থাকা বোনের কথা বার বার মনে পড়েছে। স্কুলের কর্ণধার রাজীব মণ্ডল জানান, এ ভাবে জওয়ানদের সঙ্গে রাখি উৎসবের আনন্দ ভাগ করে নিতে পেরে তাঁরা গর্বিত।
আবার পূর্ব রেলের তরফে এই দিনটি অন্য ভাবে পালন করা হয়। এ দিন ‘ফেয়ারলি প্লেস সদর দফতরে রখিবন্ধন’ উৎসব পালন করেছে। মহাপ্রবন্ধক গীতিকা পাণ্ডে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যদের সঙ্গে উৎসবের নেতৃত্ব দেন। উদিশা প্রেক্ষাগৃহে মহিলা ক্ষমতায়ন বিষয়ক সংলাপমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। মহুয়া বর্মার উপস্থিতিতে মহাপ্রবন্ধক অধিবেশনের উদ্বোধন করেন। তিনি পেশাগত উন্নয়ন, কর্মক্ষেত্রে কল্যাণ এবং মহিলা কর্মচারীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ওপর জোর দেন।
এ দিন ট্র্যাক সাইক্লিস্ট ত্রিয়াশা পালকে (এশিয়ান গেমসের প্রতিনিধি) বিশেষ ট্র্যাক সাইকেল এবং তিরন্দাজ সোনিয়া ঠাকুর ও লক্ষ্মী হেমব্রমকে তীর উপহার দেওয়া হয়।
মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “রখিবন্ধন যত্ন, মর্যাদা ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। এই মূল্যবোধই আমাদের প্রতিশ্রুতিকে দিক নির্দেশনা দেয়।”