নাবালিকাকে বিয়ে এবং তার পর শারীরিক এবং মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম উত্তম মাল। আউশগ্রাম থানা এলাকায় তার বাড়ি। বধূ নির্যাতন-সহ একাধিক অভিযোগে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগকারিণীর বাড়ি মেমারি থানা এলাকায়। এখন তাঁর বয়স ১৯ বছর। তাঁর অভিযোগ, ৩ বছর আগে উত্তমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে পণের জন্য স্বামী-সহ শ্বশুরবাড়ির প্রায় সকলেই তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন। বছর গড়িয়েছে। নির্যাতনের মাত্রা বেড়েছে। কয়েক দিন আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বার করে দেন স্বামী। এখন দুধের শিশু নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন।
ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে আউশগ্রাম থানার পুলিশ। তদন্তে উঠে আসে বিয়ের সময় ওই যুবতী নাবালিকা ছিলেন। প্রথমে ওই অভিযোগেই স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পরে ধৃতের বিরুদ্ধে বধূ নির্যাতন, পণ নেওয়ার জন্য অত্যাচার, নাবালিকার উপর যৌন নীপিড়ন, নাবালিকাকে বিয়ে-সহ নানা অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার বর্ধমান আদালত ধৃতের দু’দিনের পুলিশি হেফাজত দিয়েছে।
অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার জন্যও আদালতে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।