সকাল সকাল মাছ ধরতে দামোদরে জাল ফেলেছিলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মৎস্যজীবী সনাতন সরকার। কিছুক্ষণ পর তিনি জাল টেনে পারে তোলেন। দেখেন জালের মধ্যে থেকে চকচক করছে দুই রুপোলি শস্য! অনেক দিন পর দামোদর নদে ইলিশের দেখা পেয়ে খুশি বর্ধমানের মৎস্যজীবীরা।
কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তে হচ্ছে। তার ফলে বেড়ে যায় দামোদর নদের জলস্তর। আর সেই জলের স্রোতে দামোদরে দেখা মিলল ইলিশের। খণ্ডঘোষের বেলডাঙায় দামোদরে যে দু’টি ইলিশ উঠেছে, তার ওজন ৭০০-৮০০ গ্রামের মতো। তবে জালে ওঠা একটি মাছকে ধরে রাখতে পারলেও পালিয়ে যায় অন্যটি। তাতে খানিক মনখারাপ ওই মৎস্যজীবীর। তবে দীর্ঘ দিন পর দামোদর নদে ইলিশ ওঠায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বছর দুই আগে দামোদরে ইলিশের দেখা মিলেছিল। প্রায় দুই দশক পর সেই সময় পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায় দামোদর নদে এক মৎস্যজীবীর জালে ইলিশ ধরা পড়েছিল। প্রায় এক কেজি ওজনের সেই ইলিশকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল। নোনা জলের মাছ ইলিশ কী ভাবে দামোদরের মিষ্টি জলে চলে এল, তা নিয়েও শুরু হয়েছিল আলোচনা। পরে ওই ইলিশকে কেন্দ্র করে নিলাম ডাকা হয়। ১২০০ টাকা থেকে শুরু হওয়া নিলামে শেষ পর্যন্ত জামালপুরের বাসিন্দা লক্ষ্মণ বিশ্বাস ২১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। বছর ঘুরতে না ঘুরতে আবার দামোদর নদে ইলিশের দেখা মেলায় বেজায় খুশি স্থানীয়েরা।