Advertisement
E-Paper

গুসকরা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১০ মহিলা-সহ ২৫! তাণ্ডবের অভিযোগে রুজু স্বতঃপ্রণোদিত মামলা

শনিবার লক্ষ্মীগঞ্জ গ্রাম থেকে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা গুসকরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, সেই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমে তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের এক পর্যায়ে ফাঁড়িতে চড়াও হন গ্রামবাসীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪৯

— প্রতীকী চিত্র।

গুসকরা পুলিশ ফাঁড়িতে চড়াও হওয়া এবং হামলার অভিযোগে গ্রেফতার করা হল ২৫ জনকে। ধৃতদের মধ্যে ১০ মহিলাও রয়েছেন। তাঁদের প্রত্যেকেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা। ধৃতদের এ দিন বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক চার জনকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকিদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ অক্টোবর তাঁদের ফের আদালতে হাজির করাতে বলা হয়েছে।

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়িয়েছিল গুসকরা ফাঁড়িতে। যাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি, তাঁরা উভয়েই লক্ষ্মীগঞ্জ গ্রামেরই বাসিন্দা। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীদের একাংশ। গত শুক্রবার রাতে ওই দু’জনকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাঁদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ওই ঘটনার প্রেক্ষিতে শনিবার গ্রামবাসীদের কয়েক জনকে গুসকরা ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

শনিবার লক্ষ্মীগঞ্জ গ্রাম থেকে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা গুসকরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, সেই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমে তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের এক পর্যায়ে ফাঁড়িতে চড়াও হন গ্রামবাসীরা। কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ভাঙচুরও চলে পুলিশ ফাঁড়িতে।

শনিবারের ওই হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ফাঁড়িতে চড়াও হওয়ার ঘটনায় ১০ মহিলা-সহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশকর্মীদের উপর চড়াও হওয়া, ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অন্য দিকে ২৫ জনের গ্রেফতারির ঘটনায় গ্রামবাসীদের একাংশের মধ্যেও ক্ষোভ দানা বেঁধেছে। এলাকাবাসীদের একাংশের দাবি, এই ঘটনার জেরে গ্রামের বেশ কিছু পরিবারে লক্ষ্মীপুজোও বন্ধ রাখতে হয়েছে।

Guskara

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy