Advertisement
E-Paper

টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারের বাড়িতে অভিযান পুলিশের! তবে ‘ডাক্তার দেখাতে’ আগেই ঘর ছেড়েছেন ইফাজুল

বছর পাঁচেক হল বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একটি খাদানে ম্যানেজার হিসাবে কাজ করতেন ইফাজুল। স্থানীয়দের দাবি, কিছু দিনের মধ্যেই তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ২১:০০
Tulu Mondal

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। —ফাইল চিত্র।

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর এক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালাল পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর এক সহযোগীর বাড়িতে একাধিক ট্রাঙ্কের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ঠিক কী কী পাওয়া গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। বাড়ির মালিক অর্থাৎ টুলুর ঘনিষ্ঠ ইফাজুল হকেরও খোঁজ মেলেনি।

পুলিশের একটি সূত্রে খবর, শনিবার গভীর রাতে তাদের একটি দল গিয়েছিল মঙ্গলকোট থানার আইমাপাড়া গ্রামে ইফাজুলের বাড়িতে। প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চলে বাড়িটিতে। একাধিক ট্রাঙ্কের তালা ভাঙা হয়। একটি ট্রলি ব্যাগের তালা খুলে দেখা হয়। কিন্তু ঠিক কী মিলেছে, তা পরিষ্কার করেননি তদন্তকারীরা।

স্থানীয়দের একাংশের দাবি, বছর পাঁচেক হল বীরভূমের পাথর ব্যবসায়ী টুলুর একটি খাদানে ম্যানেজার হিসাবে কাজ করতেন ইফাজুল। কিছু দিনের মধ্যেই তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয় বলে দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, পুরো পরিবারের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়। বর্তমানে স্ত্রীকে নিয়ে বীরভূমের সিউড়িতে থাকেন ইফাজুল।

ইফাজুলের পরিবারের দাবি, কয়েক দিন আগে আইমাপাড়ায় পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। শনিবারও ছিলেন। কিন্তু পুলিশের অভিযানের কয়েক ঘণ্টা আগেই ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইফাজুলের বাবা আনিসুর রহমান বলেন, ‘‘ছেলে চিকিৎসার জন্য বাইরে। আর পুলিশের তল্লাশিতে কোনও আপত্তিকর জিনিস মেলেনি।’’ কিন্তু ছেলে কোথায় গিয়েছেন, তা পরিষ্কার করেননি বৃদ্ধ।

পুলিশ ইফাজুলের খোঁজে রয়েছে। বিদেশে থাকা টুলু ব্যবসায়িক সূত্রে যাঁদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তাঁদের উপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Tulu Mondal police Purba Bardhaman Birbhum Illegal Mines

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy