দশম পূর্বাঞ্চলীয় শ্যুটিং প্রতিযোগিতা শুরু হল আসানসোলের চাঁদমারি রাইফেল ক্লাবে। মঙ্গলবার, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এ দিন প্রতিযোগিতার উদ্বোধনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম, আসানসোল রাইফেল ক্লাবের তরফে ভি কে ঢাল প্রমুখ। আয়োজকেরা জানান, দশম পূর্বাঞ্চলীয় শুটিং প্রতিযোগিতায় ছ’টি রাজ্যের প্রায় ন’শো প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ছ’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।
এ দিনের অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘আসানসোল রাইফেল ক্লাব দীর্ঘদিন ধরে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্বাঞ্চলে শ্যুটারদের তুলে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শ্যুটাররো ভারতকে গর্বিত করেছে। এখান থেকে উঠে এসেছে অভিনব সাউয়ের মতো প্রতিভা। আগামী ২৯ তারিখ অভিনবকে সংবর্ধনা জানানো হবে নবান্নে।’’
সরকার সব সময়ে ক্রীড়াব্যক্তিত্বদের পাশে আছে, এই বার্তা দিয়ে তিনি বলেন ‘‘আজকের দিনে ক্রীড়া ব্যক্তিত্বদের সব রকম ভাবে সহযোগিতার নীতি নিয়েছে সরকার। যারা খেলাধুলোর সঙ্গে জড়িত তাদের যাতে অন্ন সংস্থান নিয়ে চিন্তা করতে না হয় সে দিকে নজর রাখছে সরকার। ডাবল ইঞ্জিন সরকার থাকায় ডাবল সুবিধা পাওয়া যাবে।’’
পূর্বতন সরকারকে বিঁধে তিনি বলেন, ‘‘রাজ্যে দীর্ঘদিন ধরে খেলা অবহেলিত থেকেছে। খেলার জন্য অনেককে পরিযায়ী হতে হয়েছে। যাঁরা অন্য রাজ্যে যেতে চাননি তাঁদের খেলাধুলোর ছাড়তে হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে গিয়েছে।’’ পশ্চিম বর্ধমানের স্বতন্ত্র জেলা ক্রীড়া সংস্থা তৈরির বিষয়েও আশ্বাসদেন মন্ত্রী।