একে ভোটার তালিকায় নাম না থাকার চিন্তা। তার সঙ্গে বেশ কিছু সরকারি সুবিধাও মিলছে না বলে দাবি করেছেন ট্রাইবুনালে আবেদনকারীদের একাংশ। ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন এমন মহিলাদের অনেকেরই দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি।
বুধবার কালনা ২ ব্লকের আঙ্গারসন এলাকার আরফা খাতুন জানান, এসআইআরে তাঁর নাম বাদ গিয়েছে। ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধার জন্যও আবেদন জানানো হয়েছে। ব্লক অফিস থেকে ট্রাইবুনালে আবেদন জানানোর নথও নেওয়া হয়েছে। কিন্তু এখনও অন্নপূর্ণার টাকা পাননি তিনি। অথচ পরিবারের অন্য এক সদস্য, যাঁর ভোটার তালিকায় নাম রয়েছে তিনি এই প্রকল্পের টাকা পেয়েছেন। ওই ব্লকেরই আর এক মহিলা কাসিরা বিবিও ভোটার তালিকায় নাম না থাকায় ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তিনি বলেন, ‘‘অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সাহায্য খুব প্রয়োজন আমার। এখনও এই প্রকল্পে সুবিধা পাইনি।’’
ব্লকের এক সরকারি কর্মীর কথায়, ‘‘ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন এমন অনেক মহিলা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধাও পেয়েছেন। যাঁরা পাননি, তাঁরা যোগ্য কিনা সেটা দেখা হচ্ছে।’’ তাঁর দাবি, এই প্রকল্পে পঞ্চায়েত স্তরে যাচাই করার সময় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা যে ট্রাইবুনালে আবেদন করেছেন, সেই রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পোর্টাল থেকেও বিষয়টি দেখে নেওয়া হচ্ছে।
ট্রাইবুনালে আবেদন করার পরে আরও বেশ কিছু সুবিধা মিলছে না বলেও দাবি করেছেন কালনা ১ ব্লকের সিমলন আটঘোরিয়া পঞ্চায়েতের প্রধান মহিবুল্লা শেখ। তিনি জানিয়েছেন, ভোটার তালিকায় নাম না থাকায় ট্রাইবুনালে আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও জমি রেজিস্ট্রি, পাসপোর্ট নবীকরণ, ব্যাঙ্ক ঋণ নেওয়ার ক্ষেত্রে অসুবিধা বচ্ছে। রেশন পেতেও অসুবিধা হচ্ছে বলে ট্রাইবুনালে আবেদন জানানো অনেকেই। প্রশাসনের দাবি, সব খতিয়ে দেখা হচ্ছে।