জৈব উপাদান ও গাছের বীজ দিয়ে রাখি তৈরির জন্য বর্ধমান আদর্শ বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করল পরিবেশপ্রেমী সংগঠন ‘মিলিত প্রয়াস’। শতাধিক পড়ুয়া এই কর্মশালায় যোগ দেয়।
কর্মশালায় পড়ুয়াদের রাখি তৈরির কৌশল শেখান সংগঠনের সদস্যা প্রাপ্তি ঘোষ। পরে পড়ুয়ারা নিজেরাও হাতে-কলমে রাখি তৈরি করে। উদ্যোক্তাদের দাবি, কর্মশালায় বীজযুক্ত রাখি তৈরিতে বিশেষ জোর দেওয়া হয়। জৈব উপকরণের সঙ্গে বিভিন্ন গাছের বীজ ব্যবহার করে তৈরি ওই রাখি তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, ব্যবহারের পরে ওই রাখি মাটিতে ফেলা হলে বীজ থেকে চারা গজাবে। ফলে রাখিটিও হয়ে থাকবে বহু দিনের স্মৃতি।
সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত বলেন, ‘‘প্লাস্টিক জাতীয় পদার্থের পরিবর্তে পরিবেশের পক্ষে উপকারী এমন পদার্থ দিয়েই রাখি তৈরিতে কর্মশালায় জোর দেওয়া হয়েছে। উৎসবের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাকে জুড়তে পারলে উৎসব ও পরিবেশ দুইয়েরই গুরুত্ব বাড়ে।’’ স্কুলের প্রধান শিক্ষক সুবীর দে বলেন, ‘‘পড়ুয়াদের পরিবেশ সচেতন করে তুলতে হাতে-কলমে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ।’’ সংগঠনের সহ-সভাপতি অশোককুমার সরকার জানান, সহজলভ্য জৈব উপকরণ ও উপযুক্ত গাছের বীজ দিয়ে কম খরচে এই রাখি তৈরি করা সম্ভব।