রাজ্যের বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে অবিলম্বে বাসভাড়া পুনর্বিবেচনা এবং ৪ মে ২০২৬-এর আগে জমে থাকা বিভিন্ন বকেয়া জরিমানা এককালীন মকুবের দাবি জানাল সিটি সাবার্বান বাস সার্ভিসেস। এই মর্মে সোমবার রাজ্যের পরিবহণ দফতরের মন্ত্রী অর্জুন সিংহের কাছে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে বাসমালিকদের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পুরনো ভাড়ায় বাস চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে বহু রুটে বাসের সংখ্যা কমছে এবং সাধারণ যাত্রীরা সমস্যায় পড়ছেন।
বাসমালিকদের দাবি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহণমন্ত্রী থাকাকালীন সর্বশেষ ২০১৮ সালে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় ডিজ়েলের দাম ছিল লিটারপ্রতি প্রায় ৬৮ টাকা। বর্তমানে ডিজ়েলের দাম ৯০ টাকা প্রতি লিটার ছাড়িয়েছে। পাশাপাশি বিমা, যন্ত্রাংশ এবং বাসের রক্ষণাবেক্ষণের খরচও গত কয়েক বছরে বহু গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে ২০১৮ সালের ভাড়ায় পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁদের। জনস্বার্থে এবং রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা টিকিয়ে রাখতে দ্রুত বাসভাড়া সংশোধনের আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে বছরের পর বছর ধরে জমে থাকা বকেয়া জরিমানা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাস অপারেটরেরা। সংগঠনের নেতা টিটু সাহা বলেন, ‘‘অনেক ক্ষেত্রে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভুলের কারণে জরিমানা হয়েছে। এর মধ্যে রয়েছে সিএফ সংক্রান্ত জরিমানা, করের বকেয়া এবং পারমিট নবীকরণ সংক্রান্ত জরিমানা। এই বিপুল আর্থিক বোঝার কারণে বহু বাসমালিক গাড়ির নথি নবীকরণ এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ করতে পারছেন না।’’ এর ফলে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে ৪ মে ২০২৬-এর আগে বকেয়া সমস্ত সিএফ, কর এবং পারমিট নবীকরণ সংক্রান্ত জরিমানা এককালীন সম্পূর্ণ মকুবের আবেদন জানানো হয়েছে।
পাশাপাশি ‘বাহন’ সংক্রান্ত সমস্ত বকেয়া জরিমানারও নিষ্পত্তি চেয়েছেন বেসরকারি বাসমালিকদের সংগঠনটি। বাসমালিকদের প্রতিশ্রুতি, জরিমানা মকুব হলে আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত গাড়ির সিএফ নবীকরণ, কর প্রদান এবং পারমিট নবীকরণ করা হবে। একই সঙ্গে গাড়িগুলিকে রাস্তায় চলাচলের উপযোগী করে তোলার কথাও জানানো হয়েছে। ৪ মে-র পর নতুন করে কোনও জরিমানা হলে তা নিয়ম মেনে পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বাসমালিকেরা পরিবহণ দফতরের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ভিএলটিডি রিচার্জ সংক্রান্ত সমস্যায় হস্তক্ষেপের ফলে বন্ধ হয়ে থাকা বাসগুলির সিএফ নবীকরণের ব্যবস্থা হয়েছে। এ বার ভাড়া সংশোধন এবং এককালীন জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হলে হাজার হাজার বাসচালক, কন্ডাক্টর, কর্মী এবং তাঁদের পরিবার উপকৃত হবেন। একই সঙ্গে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাও ফের শক্তিশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।