যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়া দলের কর্মী বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিককে খুনের অভিযোগ তুলেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে তাঁদের নানা দাবি নিয়ে আলোচনার জন্য ৭ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা না-হলে, তার পরের দিন, ৮ তারিখ বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সিজেপি। একই সঙ্গে, খুনের অভিযোগের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে তারা। দলের জাতীয় সহ-সম্পাদক প্রেম আকাশ গোলু-সহ সিজেপি নেতৃত্ব শনিবার কলকাতায় অভিযোগ করেছেন, হাফিজ এক অভিযুক্তকে ২৫ অগস্ট শনাক্ত করেছিলেন। কিন্তু সেই অভিযুক্ত সম্প্রতি পুলিশি নিরাপত্তায় ইন্দাস থানার কাছে অনুষ্ঠানের আয়োজন করেছেন। অথচ, তাঁকে গ্রেফতার করা হয়নি। মাফিকের নামে স্কুল তৈরি, হাই কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন, খুনে অভিযুক্ত ও সন্দেহভাজন সকলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো দাবিগুলিও ফের তুলেছে সিজেপি।