পুজোর মাসে বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। বুধবার রাতে অক্টোবরের জন্য নতুন দাম প্রকাশের পর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বাড়ছে। ফলে ১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২৯৫৪ টাকা। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা থাকবে।
পুজোর আগে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তরাঁ, হোটেল, ক্যাটারিং ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য ব্যবসায়ে ফের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এপ্রিল মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২০৮ টাকা। মার্চের তুলনায় তখন ২১৯.৫০ টাকা দাম বেড়েছিল। মে মাসে এক ধাক্কায় দাম বাড়ে ৯৯৪ টাকা, পৌঁছোয় ৩২০২ টাকায়। জুনেও ৫৩.৫০ টাকা বেড়ে দাম হয় ৩২৫৫.৫০ টাকা। এর পর অবশ্য পরপর দু’মাস দাম কমেছিল। জুলাইয়ে ১৭৪ টাকা কমে সিলিন্ডার হয় ৩০৮১.৫০ টাকা। অগস্টে আরও ২০৯ টাকা কমে দাম নামে ২৮৭২.৫০ টাকায়। সেপ্টেম্বরে ফের ১১.৫০ টাকা বেড়ে দাম হয় ২৮৮৪ টাকা। অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর—এই ছ’মাসে বাণিজ্যিক গ্যাসের দাম যেমন একাধিক বার বেড়েছে, তেমনই জুলাই ও অগস্টে পরপর দু’মাসে মোট ৩৮৩ টাকা কমেছিল। অক্টোবরে ৭০ টাকা বৃদ্ধির ফলে সেই নিম্নমুখী প্রবণতায় ফের ছেদ পড়ল।
অন্য দিকে, গৃহস্থালির গ্যাসের ক্ষেত্রে ছবিটা অনেকটাই আলাদা। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দামে থাকার পর জুনে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়। তার পর জুলাই, অগস্ট ও সেপ্টেম্বরে কোনও পরিবর্তন হয়নি। অক্টোবরেও দাম সেই ৯৬৮ টাকাই থাকছে।