ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ককে সামনে রেখে যখন দিল্লিতে বিরোধীরা সুর চড়াচ্ছে, সেই আবহে এই শহরেও বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। আসন্ন পুরভোটের আগে নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা দিয়েছে রাজনৈতিক দলগুলিকে, তাতে মৃত ভোটারদের নামও রয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। এই অভিযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়ে শুনানি ডাকার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), রাজ্য নির্বাচন কমিশনার (এসইসি), কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক, কলকাতার পুর-কমিশনারকে লিখিত আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া অনুসারে বুথে ১ হাজার ২০০-র কম ভোটার থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে, নানা জায়গায় প্রতি বুথে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ভোটার রয়েছেন’। কংগ্রেসের অভিযোগ, চলতি বছরের ২১ সেপ্টেম্বর থেকে ট্রাইবুনালের কোনও নির্দেশ অনলাইনে আপলোড করা হচ্ছে না।
এরই মধ্যে এসআইআর-এর ফলে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া সকলের নাম আসন্ন পুরভোটের আগে তালিকায় পুনর্বহাল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কাল, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন। শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত করে ওই দিন সিইও দফতর অভিযানে যোগ দেওয়ার কথা লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের। ‘ভোটের অধিকার ফেরানো’র ডাক দিয়ে তার পরের দিন, বৃহস্পতিবার সিইও দফতর অভিযানের ডাক দিয়ে রেখেছে সব ক’টি বাম দল, যেখানে রয়েছে লিবারেশনও।