E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাস্তার নাম বদলের দাবি, বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুরে ইসকনের রথযাত্রায় গত কয়েক বছর ধরে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ডিএসপি টাউনশিপের এ-জ়োনের আকবর রোডের ধারে একটি মাঠ ব্যবহার করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০৭:২৫

—প্রতীকী চিত্র।

রাস্তার নাম পরিবর্তনের দাবি ঘিরে বিতর্ক তৈরি হল দুর্গাপুরে। দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) টাউনশিপের আকবর রোডের নাম পাল্টে ‘ভক্তি বেদান্ত রোড’ রাখা হয়েছে বলে দাবি করেছেন এলাকার বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সরব বিরোধীরা। ডিএসপি কর্তৃপক্ষ অবশ্য নাম বদলের কথা অস্বীকার করেছেন।

দুর্গাপুরে ইসকনের রথযাত্রায় গত কয়েক বছর ধরে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ডিএসপি টাউনশিপের এ-জ়োনের আকবর রোডের ধারে একটি মাঠ ব্যবহার করা হয়। সম্প্রতি ইসকনের দুর্গাপুরের প্রধান সেবাইত ঔদার্য্যচন্দ্র দাস বলেন, “আমরা প্রশাসন এবং ডিএসপি কর্তৃপক্ষকে আবেদন করছি, এই রাস্তার নাম প্রভুপাদের নাম দিয়ে ভক্তি বেদান্ত রোড রাখা হলে আমরা ধন্য হব।” রথের উদ্বোধনে গিয়ে বিধায়ক চন্দ্রশেখর এ বিষয়ে আশ্বাস দেন। এর পরে তিনি সমাজমাধ্যমে দাবি করেছেন, ‘এখন থেকে আকবর রোডের নতুন নাম হল ভক্তি বেদান্ত রোড’।

দিন কয়েক আগে, কলকাতার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জি রোড রাখার কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। এ বার দুর্গাপুরেও এ ধরনের ঘোষণায় সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীরা বলেন, “কেন এই নাম বদল! এই সিদ্ধান্ত কে অনুমোদন করল?” ডিএসপি কর্তৃপক্ষ শনিবার জানান, টাউনশিপের কোনও রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও বিধায়কের বক্তব্য, “এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
road

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy