গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এলপিজি গ্রাহকদের সেই নির্দেশ পালন করতে বলা হয়। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ১৬ অগস্টের মধ্যেই ই-কেওয়াইসি-র কাজটি সেরে ফেলতে হবে। শুক্রবার জানা গেল, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হচ্ছে। সেই মর্মেই নির্দেশ গিয়েছে গ্যাস ডিলারদের কাছে।
সরকার জানিয়েছিল, প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি করতে হবে। যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না-করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। কত বাড়তি টাকা দিতে হবে, তা এখনও নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকেরা, তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে। কেন্দ্রের এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে ই-কেওয়াইসি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুধু অফলাইনে নয়, অনলাইনেও ই-কেওয়াইসি করার সুযোগ রয়েছে। বিভিন্ন জ্বালানি সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই একটা অংশের গ্রাহক ই-কেওয়াইসি করিয়ে ফেলেছেন। তবে এখনও অনেক জনেরই বাকি। ১৫ এবং ১৬ অগস্ট ছুটি হওয়ায় তাঁরা চিন্তায় পড়েন। কী ভাবে ই-কেওয়াইসি করাবেন, তা নিয়ে শঙ্কা বাড়তে থাকে। সেই আবহে ই-কেওয়াইসি করার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হল।
আরও পড়ুন:
সূত্রের খবর, ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ২৩ অগস্ট পর্যন্ত গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস বলেন, ‘‘আমাদের কাছে নির্দেশ এসেছে ২৩ তারিখ পর্যন্ত ই-কেওয়াইসি করার মেয়াদ বাড়ানো হয়েছে।’’ যদিও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি কোনও নির্দেশিকা আসেনি। ইনডেন, এইচপি এবং ভারত গ্যাসের জন্য আধারভিত্তিক ফেসআইডি যাচাই সম্পন্ন করার সময় আরও সপ্তাহখানেক বাড়ল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া সমস্ত গ্রাহকদের ই-কেওয়াইসি করাতে হবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এখনও অনেকের কাছে স্পষ্ট নয়, কী ভাবে ই-কেওয়াইসি করবেন। অনলাইন ও অফলাইন দু’ভাবেই জমা দেওয়া যাবে আধারভিত্তিক ফেসআইডির যাচাইয়ের কাজ। গ্রাহক তাঁর নির্দিষ্ট গ্যাস সংস্থার অ্যাপটি ডাউনলোড করে তাতে ই-কেওয়াইসি জমা দিতে পারবেন। আধারভিত্তিক পরিচয় জমা দেওয়ার জন্য গ্রাহককে ‘আধারফেসআরডি’ অ্যাপটিও ডাউনলোড করতে হবে। এটি না থাকলে গ্যাস সংস্থার অ্যাপে ই-কেওয়াইসি জমা দিতে সমস্যা হতে পারে। যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন তাঁরা সরাসরি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড।