Advertisement
E-Paper

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মামলায় সকাল থেকে ইডির হানা! তল্লাশি চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িতেও

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ইডির অভিযান। মধ্য কলকাতার এক ঠিকানায় চলছে তল্লাশি। অভিযান চলছে এক চার্টার্ড বিমান সংস্থার মালিকের সল্টলেকের বাড়িতেও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১০:৩৬
মঙ্গলবার সকালে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর অফিসে ইডির অভিযান।

মঙ্গলবার সকালে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর অফিসে ইডির অভিযান। — নিজস্ব চিত্র।

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এ বার অভিযানে নামল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মধ্য কলকাতায় লালবাজার সংলগ্ন এলাকায় একটি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। অভিযান চলছে সল্টলেকের এক ঠিকানা-সহ মোট পাঁচটি জায়গায়।

সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে উড়ান সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ও। ওই সংস্থা চার্টার্ড বিমান পরিষেবা দিয়ে থাকে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো ভিভিআইপি-দেরও চার্টার্ড বিমান ভাড়া দিত এই সংস্থাটি।

মধ্য কলকাতাতেও ২৯-এ ওয়েস্টন স্ট্রিটে একটি অফিসে হানা দিয়েছে ইডি। সেখানে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিস রয়েছে বলে সূত্রের খবর।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। লোকসভায় ‘বিদ্রোহীরা’ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই-এ। দলের এই অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে তিনি দলের কোষাধ্যক্ষ হিসাবেই নিজের পরিচয় দেন।

পরে গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক। তাঁর অভিযোগ, বড় ধরনের সাইবার প্রতারণার টাকা কিছু ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রবেশ করেছে। তার মধ্যে তৃণমূলের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তার পরেই পুলিশ এফআইআর দায়ের করে। পরের দিন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তিনটি অ্যাকাউন্টের ডেবিট (টাকা তোলা) ‘ফ্রিজ়’ করার জন্য বলে পুলিশ।

পরবর্তী সময়ে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্ত শুরু করে ইডিও। মঙ্গলবার সকাল থেকে অভিযান নেমেছেন তদন্তকারী আধিকারিকেরা। সেই সূত্র ধরে এক চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা।

পূর্বতন সরকারের আমলে তৎকালীন শাসকদলের বিভিন্ন নেতার চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে সম্প্রতি তৃণমূলের অন্দরেই বিতর্ক দানা বাঁধে। ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির— উভয় পক্ষই এ নিয়ে মুখ খোলে। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার অভিযানে নামল ইডি।

ED Raid in Kolkata TMC Enforement Directorate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy